spot_img

কিশোরী শ্রমিকে ধর্ষণের অভিযোগে মুন্সিগঞ্জে গার্মেন্টস মালিক গ্রেপ্তার

অবশ্যই পরুন

কর্মস্থলে নিরাপত্তার বদলে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১২ নভেম্বর দুপুরে সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ পোশাক কারখানার ব্যক্তিগত অফিসকক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মা হালিমা খাতুনের অভিযোগ, কারখানায় কাজের সুবাদে মালিকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে মেয়েকে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য সেখানে রাখা হয়েছিল। ঘটনার দিন অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করেন মালিক। পরে তাকে ওই কক্ষেই তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ১৩ নভেম্বর সিরাজদিখান থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, হামলার জন্য অপেক্ষা করবে না ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ