spot_img

‘আয়নায় নিজের মুখ দেখেছিলাম’, অবসরের নেপথ্যে কোহলির পরামর্শ

অবশ্যই পরুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কাছের বন্ধু বিরাট কোহলির সঙ্গে কথা বলেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় তারকার সঙ্গে সেই আলাপই নিজের সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রেখেছিল বলে জানিয়েছেন কিউই ব্যাটিং কিংবদন্তি। কোহলির সঙ্গে কথোপকথনকে নিজের জীবনের বিশেষ এক অভিজ্ঞতা হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন উইলিয়ামসন। টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার খুব কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত ৯ হাজার ৫১৫ রান নিয়েই থামতে হয়েছে তাকে। মজার ব্যাপার, টেস্ট থেকে অবসরের সময় কোহলির রানও ছিল ১০ হাজারের নিচে। ভারতীয় এই ব্যাটার থেমেছিলেন ৯ হাজার ২৩০ রানে।

দীর্ঘদিনের বন্ধু কোহলি ছিলেন উইলিয়ামসনের অবসরের সিদ্ধান্ত নিয়ে পরামর্শ নেওয়া ব্যক্তিদের একজন। ‘বিটুইন দ্য টু বিয়ার্স’ পডকাস্টে সেই অভিজ্ঞতা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমি এমন কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম, যাদের আমি বিশ্বাস করি এবং যাদের সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর। অবসরের ঘোষণা দেওয়ার আগের দিন বিরাটের সঙ্গে আমার দারুণ একটি কথা হয়েছিল। মনে হচ্ছিল, আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছি। এত বছর ধরে ক্রিকেটে আমাদের যে অভিজ্ঞতা, সেগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম।’

উইলিয়ামসনের মতে, কোহলির সঙ্গে তার জীবনের অনেক অভিজ্ঞতার মিল রয়েছে। দুজনই দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, অধিনায়কত্ব করেছেন এবং প্রায় একই সময়ে বাবা হয়েছেন। ফলে ক্রিকেটের বাইরের ব্যক্তিগত অনুভূতিগুলোও তারা সহজে ভাগাভাগি করতে পেরেছেন।

এ প্রসঙ্গে কিউই তারকা বলেন, ‘সে এখনো কিছুটা ক্রিকেট খেলছে। তবে বড় সিদ্ধান্তগুলোর কয়েকটি সে আগেই নিয়েছে। একই পরিস্থিতির মধ্য দিয়ে এতটা সময় যাওয়া, অধিনায়কত্ব করা, একই সময়ে সন্তান হওয়া, এসব ক্ষেত্রে তার সঙ্গে আমার অনেক মিল রয়েছে। আমাদের সম্পর্কটা সত্যিই বিশেষ। যদিও আমরা ভিন্ন দুটি দেশের হয়ে খেলেছি, তবু নিজেদের দুর্বলতা, অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলতে পেরেছি।’
কোহলির সঙ্গে সেই কথোপকথনের পরই অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় বলে জানান উইলিয়ামসন। তিনি বলেন, ‘ফোনে কথা শেষ করে যখন বেরিয়ে এলাম, তখন আমার স্ত্রী হোটেল রুমে ঢুকল। আমি তাকে বলেছিলাম, এবার সময় হয়েছে।’

টেস্টে ১০ হাজার রান করতে না পারা নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই উইলিয়ামসনের। ব্যক্তিগত মাইলফলক কখনোই তার ক্রিকেটীয় লক্ষ্য ছিল না। বরং নিজের খেলার প্রতি ভালোবাসা এবং দলের হয়ে অবদান রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

উইলিয়ামসনের ভাষায়, ‘আপনি শুধু এসব মাইলফলকের জন্য ক্রিকেট খেলেন না। একসময় যদি দেখেন, নিজের জন্য খেলার সেই তাগিদ আর আগের মতো নেই, তখন অন্যদের দেখানোর জন্য খেলা কিংবা কোনো কিছু আঁকড়ে ধরে থাকার প্রবণতা তৈরি হতে পারে। কোহলি একটি বিষয় বলেছিল আপনি কখনো কখনো দর্শকদের সন্তুষ্ট করার জন্য খেলতে শুরু করতে পারেন। অথচ ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা এবং দলের অংশ হয়ে থাকার যে তাগিদ, সেটিই হওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ক্যারিয়ারে ১০ হাজার টেস্ট রান না পাওয়ার বিষয়টি নিয়ে প্রায় প্রতিটি সাক্ষাৎকারেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। তবে সংখ্যার চেয়ে ক্রিকেটের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিকেই বড় করে দেখেছেন এই ব্যাটার।

তিনি বলেন, ‘১০ হাজার রান করার লক্ষ্য কখনোই আমার ছিল না। শুরুতে যদি এই সংখ্যাকে লক্ষ্য বানাতাম, তাহলে হয়তো এত দূরও পৌঁছাতে পারতাম না। সাফল্যের সংজ্ঞা কী? ব্যাটিং গড়, নাকি নির্দিষ্টসংখ্যক সেঞ্চুরি? এসব আসলে একেকটি সীমারেখা তৈরি করে। অনেক সময় একজনের ক্যারিয়ার দারুণ হতে পারে, কিন্তু নিজের বেঁধে দেওয়া বড় লক্ষ্যে পৌঁছাতে না পারায় সেটিকে ব্যর্থ মনে হতে পারে। আমি কখনোই এমনভাবে ক্রিকেটকে দেখতে চাইনি।’

টেস্টে ৯ হাজার ৫১৫ রানের পাশাপাশি ওয়ানডেতে ৭ হাজার ২৫৬ এবং টি-টোয়েন্টিতে ২ হাজার ৭৭৫ রান করেছেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলায় ধারাবাহিকতা ও ব্যাটিং নৈপুণ্যের ছাপ রেখে গেছেন নিউজিল্যান্ডের এই তারকা।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে হুঁশিয়ারি উরুগুয়ের আরাউহোর

লিওনেল মেসি নেই। আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে এটিকেই বড় সুযোগ হিসেবে দেখছে উরুগুয়ে। বিশ্বসেরা ফুটবলারের অনুপস্থিতি কাজে...

এই বিভাগের অন্যান্য সংবাদ