spot_img

আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

অবশ্যই পরুন

আর্জেন্টিনায় প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্টহাভিয়ের মিলেই ও রাজনৈতিক নেতাদের গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। একই সঙ্গে জনজীবনে দায়িত্বশীল আচরণ, কথাবার্তায় সতর্কতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর), বুয়েনস এইরেসে দেওয়া প্রথম ভাষণে পোপ বলেন, গণতন্ত্র আর্জেন্টিনার ঐতিহ্যের অংশ, যা সুরক্ষিত রাখা প্রয়োজন।

রোববার আর্জেন্টিনায় পৌঁছান যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ চতুর্দশ লিও। তার এ সফরের মধ্য দিয়ে প্রায় চার দশক পর কোনো পোপ আর্জেন্টিনা সফর করছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তার পূর্বসূরি এবং আর্জেন্টিনায় জন্ম নেওয়া প্রথম পোপ ফ্রান্সিস ১২ বছরের দায়িত্বকালেও নিজ দেশে আর ফিরে যেতে পারেননি।

আর্জেন্টিনায় পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট হাভিয়ের মালেইয়ের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন পোপ। পরে বুয়েনস এইরেসের পালাসিও লিবারতাদে দেশটির রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

সেখানে পোপ বলেন, ‘গণতন্ত্রও আর্জেন্টিনার ঐতিহ্যের অংশ, যা সুরক্ষিত রাখা প্রয়োজন।’

গণতন্ত্রকে শক্তিশালী করতে দৈনন্দিন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের কথা শোনার মানসিকতা, শব্দ ব্যবহারে সতর্কতা, ধৈর্যের সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা এবং ভিন্নমতের মানুষকে অভিন্ন ভবিষ্যতের সহনাগরিক হিসেবে দেখার মধ্য দিয়েই গণতন্ত্র আরও শক্তিশালী হয়।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেওয়া পোপ নিজের বক্তব্যে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের স্বাধীনতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ব্যালটের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচনের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

রাজনৈতিক নেতাদের ক্ষমতার সীমাবদ্ধতা উপলব্ধি করার আহ্বান জানিয়ে পোপ বলেন, আইনের প্রতি আস্থা, স্বাধীনভাবে নিজের মত প্রকাশের সুযোগ এবং সব পক্ষের স্বার্থে কাজ করতে সক্ষম প্রতিষ্ঠানই গণতন্ত্রকে সুরক্ষা দেয়।

তিনি আরও বলেন, ‘কর্তৃত্বের প্রকৃত প্রকাশ ঘটে তখনই, যখন তা সেবার মনোভাব নিয়ে প্রয়োগ করা হয়, তাৎক্ষণিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদি বিষয় বিবেচনা করা হয় এবং সবার কল্যাণে ক্ষমতা ব্যবহার করা হয়।’

এ সময় ক্ষমতাসীনদের দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়ে পোপ বলেন, ‘যারা কর্তৃত্ব প্রয়োগ করেন, তাদের দায়িত্ব হলো বিচক্ষণতার সঙ্গে কাজ করা এবং তাদের ওপর অর্পিত ক্ষমতার সীমাবদ্ধতা স্বীকার করা।’

সব মিলিয়ে পোপ লিওর এ সফরে ধর্মীয় আয়োজনের পাশাপাশি আর্জেন্টিনার গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সংকটের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি অনুতপ্তও নন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনার...

এই বিভাগের অন্যান্য সংবাদ