ইয়েমেনের একটি বাজারে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ও সৌদি আরব পরস্পরকে দায়ী করেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বাজারটিতে হামলা চালিয়েছে হুতিরাই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতির সংবাদ সংস্থা সাবার প্রচারিত বক্তব্যে গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, সৌদি আরবের বিমান বাজারটিতে একাধিক হামলা চালিয়েছে। এতে ৩০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিও দাবি করেন, শুক্রবার সৌদি আরবের খামিস মুশাইত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি বিমান থেকে হামলাগুলো চালানো হয়েছে।
তবে ইয়েমেনের সরকারি বাহিনীর অভিযোগ, বাজারটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। এ ঘটনাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে তারা। তাইজের স্থানীয় কর্তৃপক্ষও এক বিবৃতিতে হামলার জন্য হুতিদের নির্বিচার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে দায়ী করেছে। একই সঙ্গে বাজারটিতে কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে তারা।
দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেন আবারও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

