spot_img

ফের ৩ দিনের রিমান্ডে তাহসিফের বান্ধবী দিশা

অবশ্যই পরুন

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯) আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

বিকেল সোয়া ৩টার দিকে পুলিশি পাহারায় দিশাকে আদালতে নেওয়া হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে বলেন, তাহসিফ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময়কার ভিডিও ধারণ করে সাহসী ভূমিকা রেখেছিলেন। তার ধারণ করা ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পেরেছে, শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়েছিলেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, তাহসিফের সঙ্গে দিশার বন্ধুত্বের সম্পর্ক থাকলেও হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই। সিসিটিভি ফুটেজ ছাড়া অন্য কোনো প্রমাণ নেই বলেও দাবি করেন তারা। দিশা নারী, শিক্ষার্থী ও অসুস্থ বিবেচনায় তার জামিন চান আইনজীবীরা।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতের নির্দেশে গত ১ নভেম্বর থেকে চার দিনের রিমান্ডে নিয়ে দিশাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘটনার আগে ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। ওই দিন সন্ধ্যায় সিপি ফাইভ স্টার স্ন্যাকসে একাধিকবার খাবার খান। এ ছাড়া তাহসিফের সঙ্গে মোটরসাইকেলের গ্যারেজসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে দিশা মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই করা হচ্ছে। তবে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। এ ছাড়া মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপও পুলিশি হেফাজতে রিমান্ডে রয়েছেন। দুজনের দেওয়া তথ্যের মধ্যে মিল-অমিল যাচাই করা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তা।

দিশার আরও জিজ্ঞাসাবাদের জন্য সাতটি কারণ তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে রয়েছে, ঘটনার দিন তাহসিফের সঙ্গে কোনো কথা-কাটাকাটি বা বাগবিতণ্ডা হয়েছিল কি না, তাদের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন ছিল কি না, হত্যার মূল রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং দিশা ও দীপের বক্তব্য যাচাই করা।

এর আগে গত ৩১ অক্টোবর রাত ২টার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১ নভেম্বর আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই ঘটনায় দ্বিতীয় দফায় দীপেরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ৩০ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।

সর্বশেষ সংবাদ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ