ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনার মাঝেই পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর এপি নিউজের।
বুধবার (২৮ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিভাগের প্রধান (জে-ফাইভ) পদ থেকে সরানো হয়েছে সিলভিয়াকে। তবে সিলভিয়াকে সরিয়ে দেওয়ার কারণ এখনো জানানো হয়নি। এদিকে, তাৎক্ষণিকভাবে তার স্থলাভিষিক্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
হেগসেথের অধীনে এই পদ থেকে চাকরিচ্যুত হওয়া দ্বিতীয় জেনারেল সিলভিয়া। এর আগে, গত অক্টোবরে তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
এদিকে, ইসরায়েলের সঙ্গে ইরানে যুদ্ধ শুরুর আট মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কাজ শেষ করার’ ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলা চালানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
অপরদিকে, ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও সম্ভাব্য মার্কিন অভিযান এবং ইরানের পাল্টা হামলার বিষয়ে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং আরও কয়েক হাজার সেনা পাঠানো হচ্ছে। এতে অঞ্চলটিতে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

