বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ এসেছে। এর ফলে প্রায় ৪২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
বিশ্বব্যাংক বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাংকের সহায়তায় আসা এ বিনিয়োগ দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা বাড়িয়েছে। একই সঙ্গে এটি আরও শক্তিশালী ও অভিঘাত মোকাবিলায় সক্ষম অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টায় অবদান রাখছে।
বাংলাদেশে বেসরকারি মূলধন আকৃষ্ট করা এবং বিনিয়োগনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে বিশ্বব্যাংক এ অর্জন তুলে ধরেছে।
এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পভিত্তি শক্তিশালী করার সম্ভাবনাকে তুলে ধরেছে।
বিশ্বব্যাংকের ওই পোস্টে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং ব্যবসায়িক উদ্যোগের জন্য নতুন সুযোগ সৃষ্টিতেও বেসরকারি মূলধন সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সূত্র: বাসস

