বর্তমান সরকার রেল যোগাযোগ ব্যবস্থাকে জনবান্ধব ও জনসেবামূলক হিসেবে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে চায়। রেলের উন্নয়ন ও সেবা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রায় ট্রেনে চড়ে ঢাকা থেকে ফেনী আসেন প্রতিমন্ত্রী।
এ সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এই এলাকা মরহুম বেগম খালেদা জিয়ার এলাকা, প্রধানমন্ত্রী তারেক রহমানের মামার বাড়ি। প্রধানমন্ত্রী সারাদেশে যেভাবে উন্নয়ন করছেন ফেনীবাসীর জন্য তিনি সচেষ্ট রয়েছেন।
তিনি আরও বলেন, যখন আমরা মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট বাস্তবায়নের চিন্তা করেছি সবার আগে এখানকার সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু ট্রেনটি যেন ফেনীতে থামে ও সিট বরাদ্দ রাখা হয়, সে দাবি জানিয়েছে। আমি মনে করি জনগণ যে কারণে তাকে ভোট দিয়েছেন আশ করি মুন্সি রফিকুল আলম মজনু আজকে সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন।
ফেনীবাসীর উদ্দেশ্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, আজকে মাত্র শুরু হলো। আপনারা যত বেশি টিকিট কেটে ট্রেন ভ্রমণ করবেন, কক্সবাজার ও চট্টগ্রামে যাবেন, তত বেশি এই এলাকায় রেলের গ্যারেজ ও আসন বাড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনাদের পাশে থাকব। আপনাদের দাবি পূরণের জন্য অবশ্যই আমরা সচেষ্ট হয়ে কাজ করব।
এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, জেনারেল ম্যানেজার পূর্বাঞ্চল, সকল চিফ অফিসারবৃন্দ ও সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতির খবরে স্থানীয় যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। তবে শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই ২৬ ও ২৭ অক্টোবর ফেনী স্টেশন থেকে টিকিট আর পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ রয়েছে।
যাত্রীরা জানান, এর মাধ্যমে ফেনী থেকে কক্সবাজারগামী যাত্রীদের ট্রেনে স্বল্প সময়ে নিরাপদে যাতায়াতের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

