কাশ্মীরের জনগণ ও পাকিস্তানকে নিয়ে একটি মন্তব্য ঘিরে বিপাকে পড়েছেন ভারতশাসিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহ। প্রবীণ এই রাজনীতিকের তীব্র সমালোচনা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ফারুক আবদুল্লাহর মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ ও ‘পাকিস্তানপন্থী’ বলে আখ্যা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।
কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মঞ্চে বারবার তুলে ধরে পাকিস্তানই কাশ্মীরের মানুষকে রক্ষা করছে বলে মন্তব্য করেন ফারুক আবদুল্লাহ। একইসঙ্গে তার অভিযোগ, কাশ্মীরিদের বিষয়ে ভারতের উদ্দেশ্য ভালো নয়।
জম্মু-কাশ্মীরের মানুষ ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ন্যায়বিচার আশা করতে পারেন কি-না, সেই প্রশ্নও তোলেন ফারুক। একইসঙ্গে তাদের (কাশ্মীরিদের) নিজেদের অধিকার ও পরিচয় রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।
বারামুল্লার ওই সম্মেলনে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে মসজিদসহ মুসলিমদের নানা স্থাপনা ও বাড়িঘর ভেঙে ফেলার অভিযান নিয়েও কথা বলেন ফারুক। তার অভিযোগ, এসব অভিযানে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি তুলনামূলকভাবে বেশি লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তথ্যসূত্র: এনডিটিভি ও ইন্ডিয়া টুডে

