ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ পরিচালনার পরপরই তাকে আটক করা হয়। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ধরে এবং সেখান থেকে নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ এবং আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
সূত্র: আল জাজিরা

