আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরোধিতা করা হলে এ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য কাজ করতে হবে, এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে। প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন কীভাবে কাজ করতে হবে। দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন, তাদেরকে তারেক রহমান ক্ষমা করবেন না।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। ফলে বিজয়ী হতে পারে এমন প্রার্থী চাচ্ছে দল। আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো নেতা দিয়ে কী হবে বলেন। আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিচ্ছু যায়-আসবে না।
ভোটে প্রার্থী নির্ধারণের বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে, তারা যেন বিজয়ী হয়ে আসে। আপনার পছন্দের প্রার্থী দিলেন, কিন্তু সে যদি না জেতে তাহলে হবে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি, আপনি দলের সাথে বেইমানি করছেন, বিকল্প কিছু করছেন, তাহলে কিন্তু আমারও অধিকার আছে আপনাকে ধরার।

