জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে আবারও যোগ দিলে তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। রবিবার (১১ অক্টোবর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি দিল্লিতে এসেছিলেন।
তবে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই অন্য অনেকের সঙ্গে তাকেও আটক করে পুলিশ। গুরুগ্রামের সেক্টর-৫৬ এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। অন্যদের অধিকাংশকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠিকে আটকে রাখা হয়েছিল।
এদিকে, দিল্লিতে পৌঁছানোর পরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে দিল্লি পুলিশ।
ধ্রুব রাঠিকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ আগে দিল্লি পুলিশ জানায়, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
পুলিশ আরও জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ধারা অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য মুচলেকা নেওয়া এবং ১৭০ ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

