ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে আসামিবাহী পুলিশের একটি পিকআপ ভ্যান সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালের দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
আহত দুই আসামি হলেন, কালাছড়া এলাকার মহন মিয়া (৪৫) ও চম্পকনগর এলাকার রোজিনা (৩২)। মহন মিয়া মাদক মামলার এবং রোজিনা পারিবারিক মামলার আসামি বলে জানা গেছে। আহত পুলিশ সদস্যরা হলেন মোস্তফা (৩০), জুমান (৩০) ও তোফায়েল (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামিদের নিয়ে যাওয়ার পথে পুলিশের পিকআপ ভ্যানটি মনিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে পিকআপে থাকা তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, আসামিদের নিয়ে যাওয়ার পথে পুলিশের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

