মোংলায় শেলা নদী ফরেস্ট সংলগ্ন সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোষ্টগার্ড।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মোংলা কোস্ট গার্ড বেইজে এক প্রেস ব্রিফিংয়ে পশ্চিম জোন স্টাফ অফিসার (অপারেশন্স), লেঃ কমান্ডার শওকত আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পায় কোস্টগার্ড।
তথ্যের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রাত ৮ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ৬ টি একনলা বন্দুক, ৩ টি এয়ারগান, ১ টি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

