ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ভূমিকম্প মোকাবেলায় সরকারের বিদ্যমান প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আগামী বৈঠকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলশের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ আলী আছগার অংশ নেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে গত ছয় মাসে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত ও কার্যকরভাবে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়।
এ ছাড়া দুর্যোগ মোকাবেলায় বরাদ্দ ও বিভিন্ন ধরনের সহায়তা যথাযথভাবে বিতরণ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী রাখা এবং নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কার্যকর নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের পাশাপাশি তা সংশ্লিষ্ট স্থানীয় সংসদ সদস্যদের কাছে পাঠানোর সুপারিশও করা হয়।

