spot_img

চীনকে হারিয়ে ৪৪ বছর পর এশিয়ান গেমসে স্বর্ণ ভারতের

অবশ্যই পরুন

দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান। এশিয়ান গেমসে নারী হকিতে আবারও সোনার পদক জিতল ভারত। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে চীনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে ভারতীয় নারী হকি দল। এই জয়ের সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি টিকিটও পেয়েছে তারা।

শুরু থেকেই ম্যাচে আক্রমণাত্মক ছিল ভারত। প্রথম কোয়ার্টারের ১০ মিনিটে অধিনায়ক সালিমা টেটে বল নিয়ে চীনের সার্কেলে ঢুকে সাক্ষী রানার কাছে পাস দেন। সাক্ষী বল বাড়িয়ে দেন লালরেমসিয়ামির দিকে। প্রতিকূল অবস্থান থেকেও রিভার্স স্টিকে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি। সেই এক গোলই শেষ পর্যন্ত হয়ে ওঠে ম্যাচের ব্যবধান।

গোল পাওয়ার পর অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ পায়নি ভারত। ম্যাচের বাকি সময়জুড়ে একের পর এক আক্রমণ চালায় চীন। তবে ভারতীয় রক্ষণভাগের দৃঢ়তার পাশাপাশি গোলরক্ষক সবিতা পুনিয়া ও বিচু দেবী খারিবামের গুরুত্বপূর্ণ সেভে শেষ পর্যন্ত নিজেদের লিড ধরে রাখে তারা।

এই স্বর্ণ ভারতের নারী হকির ইতিহাসে বিশেষ এক মাইলফলক। সর্বশেষ ১৯৮২ সালে ঘরের মাঠে এশিয়ান গেমসে নারী হকিতে স্বর্ণ জিতেছিল ভারত। এরপর চার দশকেরও বেশি সময় পর আবারও এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করল দলটি।

অথচ মাত্র ১০ মাস আগেও ভারতীয় দলের পরিস্থিতি ছিল বেশ কঠিন। চোটের কারণে দলের ১৪ খেলোয়াড় বাইরে ছিলেন। কয়েকজন খেলোয়াড় অবসরের কথাও ভাবছিলেন। এর মধ্যে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বও প্রকাশ্যে এসেছিল। বছরের শুরুতে ডাচ কোচ স্যোরড মারিজনে দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে দলটি।

অলিম্পিক বাছাইপর্ব থেকে ধারাবাহিক উন্নতির ধারা ধরে রেখে এবার এশিয়ান গেমসের সোনার মঞ্চে উঠল ভারত। ম্যাচ শেষে কোচ মারিজনে বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। আমরা এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছি। গতবার ছিল রুপা। আমার মনে হয়, আমরা দারুণ রক্ষণ করেছি।’

এই জয়ের মাধ্যমে শুধু ৪৪ বছরের স্বর্ণখরা কাটল না, ভারতের নারী হকি দল নিশ্চিত করল ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি অংশগ্রহণও।

সর্বশেষ সংবাদ

প্রথম দেখাতে ব্রাজিলের বিপক্ষে ৪ গোল হজম করল ভারত

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন লিনো। এছাড়া স্কোর শিটে...

এই বিভাগের অন্যান্য সংবাদ