গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২শ’ ২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত, গত ২৪ ঘণ্টায়, ইসরায়েলি হামলায় আরও সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন আগে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবরে, ঘোষিত তথাকথিত ‘যুদ্ধবিরতি’র পরও ইসরায়েলি হামলা ও সহিংসতায় ১ হাজার ৪শ’ ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৫২ জন। এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার গাজায় বড় একটি গণদাফন অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন বছর আগে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৫ জনের মরদেহ উদ্ধারের পর তাদের জানাজা ও দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এসব মরদেহ উদ্ধারের পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। নিহতদের পরিচয় শনাক্ত ও মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

