ইংল্যান্ড সফরে চোটের কারণে শ্রীলঙ্কা দলে ছিলেন না অধিনায়ক কুশল মেন্ডিস। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন চারিথ আসালঙ্কা। তবে এবার পাকিস্তানের বিপক্ষে দলে ফিরেছেন কুশল। তাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। খবর ক্রিকবাজের।
ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। সেই দলের তুলনায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে এসেছে ছয়টি পরিবর্তন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কা পাচ্ছে না ওপেনার পাথুম নিশাঙ্কা ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। চোটের কারণে দুজনই দলের বাইরে।
গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করেন হাসারাঙ্গা। পরে তাকে দেশে ফিরিয়ে নেয়া হয়। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি। এদিকে, ইংল্যান্ড সফরে মেন্ডিসের বদলি হিসেবে দলে ডাক পাওয়া পাভান রাথনায়েকেও এবার রাখা হয়নি।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পিঠের চোটের কারণে খেলতে পারেননি বিনুরা ফার্নান্দো। তার বদলি হিসেবে দলে ঢুকেছিলেন দিলশান মাদুশাঙ্কা। এবার মাদুশাঙ্কাকে বাদ দিয়ে বিনুরাকে আবার দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা।
দলে ফিরেছেন চামিন্দু বিক্রমাসিংহেও। ২০২৪ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। এখন পর্যন্ত মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন ২০২৫ সালের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে।
মিডল অর্ডার ব্যাটার সাহান আরাচ্চিগেকেও দলে নেয়া হয়েছে। সদ্য শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি।
এদিকে মাত্র ২১ বছর বয়সেই জাতীয় দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার সিনেথ জয়াবর্ধনে। এখনো এলপিএলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তিনি। স্পিনার বিজয়কান্ত ভিয়াসকান্তও দলে জায়গা পেয়েছেন। তবে পেসার দুশমন্ত চামিরাকে দলে রাখা হলেও তার পাকিস্তান সফরে খেলা নির্ভর করবে ফিটনেসের ওপর।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, লাহিরু উদারা, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিন্দু বিক্রমাসিংহে, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, বিজয়কান্ত ভিয়াসকান্ত, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, এশান মালিঙ্গা, দুশমন্ত চামিরা*।

