ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর ক্রমাগত চাপ ও সংকট তৈরি হওয়ায় ইউরোপের দেশগুলোকে তাদের জাতীয় জরুরি কৌশলগত মজুদ থেকে ডিজেল বাজারে ছাড়ার আহ্বান জানাতে পারে ওয়াশিংটন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি উঠে আসে। জ্বালানির ঊর্ধ্বগতি সামাল দিতে ইউরোপীয় মিত্রদের মজুতকৃত ডিজেল বাজারে উন্মুক্ত করার অনুরোধ করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা হয়তো তাদের এমন অনুরোধ করতে পারি। তাদের কাছে ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে।
ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজার মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং বিশ্ববাজারে পরিশোধিত জ্বালানি বিশেষ করে ডিজেলের মূল্য দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে। এর ফলে অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ সামলাতে বিভিন্ন দেশের ওপর কৌশলগত জ্বালানি রিজার্ভ ব্যবহারের বিষয়ে চাপ ক্রমেই বাড়ছে।
সংকটকালীন জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প আরও দাবি করেন, সার্বিক দিক থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি খুব শিগগিরই যেকোনো উপায়ে সমাপ্তির দিকে যাবে এবং এই সামরিক সংঘাত বন্ধ হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে স্বাভাবিক অবস্থায় নেমে আসবে।

