ব্যালন ডি’অরের বিজয়ীর নাম ঘোষণার আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই স্পেনের মাদ্রিদভিত্তিক সংবাদপত্র ‘মার্কা’-র একটি পাঠক জরিপে দেখা গেল চমকপ্রদ ফল। রিয়াল মাদ্রিদ সমর্থকদের বড় একটি অংশের কাছেও এবারের পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। খবর গোল ডটকমের।
‘মার্কা’র জরিপে ৩০ জন মনোনীত খেলোয়াড়ের মধ্যে কাকে ব্যালন ডি’অর দেয়া উচিত; এমন প্রশ্ন করা হয়েছিল পাঠকদের। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৮৪৯টি।
সেখানে ২৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন ইয়ামাল। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৪৯৪ ভোট। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন ১৯ শতাংশ ভোট, অর্থাৎ ৪৩ হাজার ১৫৫ ভোট। ফলে ইয়ামালের চেয়ে বেশ ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
ইয়ামাল ও এমবাপ্পের মধ্যে ব্যালন ডি’অর নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনাও বেশ জমে উঠেছে। ইয়ামাল আগে বলেছিলেন, তিনি ও এমবাপ্পে বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের মধ্যে রয়েছেন। এরপর তিনি নিজের পারফরম্যান্স ও অর্জনের ভিত্তিতে এবারের পুরস্কারটি পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন। এমবাপ্পে অবশ্য নিজের পছন্দের কথা বলতে গিয়ে আরও সরাসরি নিজেকেই ভোট দেয়ার কথা জানিয়েছিলেন।
এরপরের অবস্থানে ছিলেন আরলিং হালান্ড, ফেরান তোরেস, মাইকেল ওলিসে, ভিতিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি মনোনীতদের প্রত্যেকেই পেয়েছেন ১ শতাংশের কম ভোট।
সবচেয়ে কম ভোট পেয়েছেন জোয়াও নেভেস, মাত্র ২০০ ভোট। তার ওপরে ছিলেন লাউতারো মার্তিনেজ (২৬৬), মারকিনিয়োস (২৬৩), নুনো মেন্দেস (২৮৭), দয়ো উপামেকানো (২৯৪), উইলিয়াম সালিবা (৪০৬), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৪১৫), ব্রুনো ফার্নান্দেস (৪১৬), উইলিয়াম পাচো (৪২১), আশরাফ হাকিমি (৫২০), লুইস দিয়াজ (৫৮৩), সাদিও মানে (৫৯৫) ও হুলিয়ান কুইনিয়োনেস (৮৭৩)।

