মোংলা বন্দরের কাছে প্রায় একশ’ একর জায়গায় বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপনের পরিকল্পনা গৃহীত হয়েছে। এতে বন্দরের আমদানি-রফতানিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়ে মোংলা বন্দরে কন্টেইনার টার্মিনালের একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এটি বাস্তবায়িত হলে বন্দরের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ১২ হাজার ৭৫ ইউনিট রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়েছে। এসময়ে মোংলা বন্দরের ৩শ’ ৮৭ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।
এছাড়া বন্দরের জন্য জলযান সংগ্রহ, পশুর চ্যানেলে ইনার বারে ড্রেজিংসহ নাব্যসংকট নিরসনে নানা কার্যক্রম চলছে বলে জানান তিনি ।
সভায় মোংলা বন্দরে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

