রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।
এর মধ্যেও নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি ইস্যু খুঁজে পেয়েছেন, যা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে। সেটি হলো— ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে বিতর্ক।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যার খুবই ছোট একটি অংশ ট্রান্সজেন্ডার। তবে তাদের অধিকার নিয়ে বিতর্ক, বিশেষ করে নারী ক্রীড়া প্রতিযোগিতায় অল্পসংখ্যক ট্রান্সজেন্ডার অ্যাথলেটের অংশগ্রহণের বিষয়টি ট্রাম্পের হাতে আগেও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল।
ট্রাম্পের দাবি, এবারও এটি রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্প্রতি এক সমাবেশে ট্রাম্প বলেন, ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ‘আমাদের সর্বকালের অন্যতম কার্যকর নির্বাচনী বক্তব্য।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে আমি বিষয়টি তুলতে পছন্দ করি।’
ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাটরা হঠাৎ করে ট্রান্সজেন্ডারদের প্রতি সমর্থন প্রত্যাহার করে ফেলতে পারে— এমন আশঙ্কায় তিনি ‘ভীষণ উদ্বিগ্ন’ ছিলেন।
ট্রান্সজেন্ডার ইস্যুর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত জরিপে রিপাবলিকানদের অবস্থানের প্রতি তুলনামূলক বেশি সমর্থন দেখা যায়। এসব বিষয় যুক্তরাষ্ট্রে তীব্র আবেগ ও বিতর্ক সৃষ্টি করে এবং অনলাইন ও দলীয় টেলিভিশন চ্যানেলগুলোতে উত্তপ্ত আলোচনা তৈরি করে।
দুই বছর আগে কমলা হ্যারিসের সঙ্গে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনী লড়াইয়ের সময় ট্রাম্পের প্রচারশিবির একটি অত্যন্ত কার্যকর টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করেছিল। ওই বিজ্ঞাপনে ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে কারাগারে করদাতাদের অর্থে লিঙ্গ পরিবর্তনমূলক চিকিৎসা বা অস্ত্রোপচারকে সমর্থনকারী হিসেবে তুলে ধরা হয়।
বিজ্ঞাপনের শেষ বক্তব্যটি ব্যাপকভাবে আলোচিত হয়: ‘কমলা ‘তারা/তাদের’ জন্য। প্রেসিডেন্ট ট্রাম্প আপনার জন্য।’
অনেক বিশেষজ্ঞের মতে, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচনের গতিপথ বদলে দিতে ওই বিজ্ঞাপন ভূমিকা রেখেছিল।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর এবং ট্রাম্পের প্রকাশ্য সমালোচক গ্যাভিন নিউজম বলেন, ‘এটি ছিল নির্মম, এটি ছিল বিধ্বংসী। বিজ্ঞাপনটি খুবই কার্যকর ছিল।’
২০১০-এর দশকের বড় একটি সময় থেকে ২০২০-এর দশকের শুরু পর্যন্ত ডেমোক্র্যাটরা সামাজিক ন্যায়বিচারের বিভিন্ন ইস্যুকে জোরালোভাবে সমর্থন করে আসছিলেন। এর ফলে সমর্থকদের সংগঠিত করার পাশাপাশি সমকামীদের বিয়ে বৈধ করার মতো বিষয়েও তারা বড় ধরনের রাজনৈতিক সাফল্য পায়।
তবে ট্রান্সজেন্ডার ইস্যুতে তারা ব্যাপক বিরোধিতার মুখে পড়ে।
এই বিষয়গুলো নিয়ে বছরের পর বছর প্রচারণা চালিয়েও মার্কিন জনমতের অবস্থানে বড় পরিবর্তন আনতে পারেনি ডেমোক্র্যাটরা। বরং রিপাবলিকান প্রচারকর্মীদের ব্যবহারের জন্য নানা বিতর্কিত বক্তব্য ও ইস্যু তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন।
দলীয় রাজনীতির বাইরে থাকা পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের এক জরিপে দেখা যায়, ৭৩ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের জন্মের সময় নির্ধারিত লিঙ্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়— এমন ক্রীড়া দলে অংশগ্রহণ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। আর ৬৬ শতাংশ বলেছেন, ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের জন্মের সময় নির্ধারিত লিঙ্গ অনুযায়ী দল বেছে নেওয়ার বাধ্যবাধকতা থাকা উচিত।
সাবেক রিপাবলিকান কর্মকর্তা এবং বর্তমানে ডেমোক্র্যাটদের পরামর্শদাতা কার্ট বারদেলা এএফপিকে বলেন, ‘আমার মনে হয়, ডেমোক্র্যাটরা নিজেদের নিয়েই অযথা ভীত থাকার পুরোনো ভুলটি করেছে।’
তিনি বলেন, ‘সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করতে গিয়ে তারা আসলে অধিকাংশ আমেরিকানকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিয়েছে।’
অভিজ্ঞ রিপাবলিকান কৌশলবিদ ডগ হেইও এএফপিকে বলেন, ‘এ ধরনের কিছু বিষয়ে ডেমোক্র্যাটরা কত মানুষকে বিরক্ত করছেন, তারা সেটি ভুলে যান।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে জনমত জরিপ দেখলে বোঝা যায়, বিষয়টি মোটামুটি ব্যাপকভাবে রিপাবলিকানদের পক্ষে রয়েছে। আর এ কারণেই তারা ইস্যুটি নিয়ে এতটা আগ্রাসী প্রচার চালাচ্ছে।’
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রচার তুঙ্গে ওঠার সঙ্গে সঙ্গে রিপাবলিকানরা আবারও ট্রান্সজেন্ডার ইস্যুকে সামনে আনছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান ভোটারদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করার লক্ষ্যে ইলন মাস্কের ‘আমেরিকা পিএসি’ ডেমোক্র্যাটদের ট্রান্সজেন্ডার ইস্যুতে তাদের অজনপ্রিয় অবস্থানের সমালোচনা করে ব্যাপক বিজ্ঞাপন প্রচার শুরু করেছে।
টেক্সাস থেকে মার্কিন সিনেটে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা ডেমোক্র্যাট জেমস তালারিকো বর্তমানে কঠিন নির্বাচনী লড়াইয়ের মধ্যে রয়েছেন। ২০২১ ও ২০২৩ সালে অঙ্গরাজ্যের আইনপ্রণেতা থাকাকালে তিনি ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের জন্মের সময় নির্ধারিত লিঙ্গ অনুযায়ী প্রতিযোগিতা করার বাধ্যবাধকতা আরোপের বিধিনিষেধের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।
তবে চলতি নির্বাচনী চক্রে প্রতিদ্বন্দ্বিতা করা আরও অনেক ডেমোক্র্যাট প্রার্থীর মতো তালারিকোও এখন বলছেন, ‘নিরাপত্তা বা ন্যায্যতা ঝুঁকির মুখে পড়লে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণের বিরোধী’ তিনি।
এই ইস্যুটি আবারও সামনে আসায় ডেমোক্র্যাট কৌশলবিদ বারদেলা হতাশা প্রকাশ করেছেন।
কারণ, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র প্রায় এক শতাংশ নিজেদের ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দেন বলে বিভিন্ন হিসাব রয়েছে।
সূত্র: বাসস

