spot_img

সীমিত সম্পদের সঠিক ব্যবহারে আইইডিসিআর একটি দৃষ্টান্ত হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

দেশের সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট, (আইইডিসিআর) একটি দৃষ্টান্ত হতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে আইইডিসিআর অডিটোরিয়ামে ‘বাংলাদেশ এফইটিপি কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মাঠপর্যায়ের রোগতত্ত্ব চর্চা জোরদারকরণ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম, বাংলাদেশ (এফইটিপি-বি)। এতে সহযোগিতা করছে সেফটিনেট, এমফনেট, ইউনিসেফ ও ইউএস সিডিসি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আইইডিসিআর দীর্ঘদিন ধরে দেশের এপিডেমিওলজিক্যাল জনবলের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি) অত্যন্ত সফল একটি উদ্যোগ। এ কর্মসূচির স্নাতকরা দেশ-বিদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করছেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখছেন।

তরুণ গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে ড. এম এ মুহিত বলেন, দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। অনেক ভালো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের ঘাটতির কারণে সীমিত সম্পদের পূর্ণ সদ্‌ব্যবহার হচ্ছে না। এ ক্ষেত্রে আইইডিসিআর দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

সম্মেলনে প্রদর্শিত বৈজ্ঞানিক পোস্টার ও গবেষণাপত্রের প্রশংসা করে তিনি বলেন, এগুলো আন্তর্জাতিক মানের। এসব গবেষণার সবচেয়ে ইতিবাচক দিক হলো, বাংলাদেশের বাস্তব সমস্যা ও বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকিকে কেন্দ্র করে এগুলো পরিচালিত হয়েছে। সম্মেলনে আইইডিসিআরের পরিচালক ড. কাজী আহমেদ জাকির সভাপতিত্বে আরও বক্তব্য দেন সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ড. এস এম বাকী বিল্লাহসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সর্বশেষ সংবাদ

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুন মাসে করা চুক্তির প্রতিশ্রুতি পূরণ এবং তেহরানের শর্ত মেনে না নেয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ