সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে মূল বেতনের বর্ধিত অংশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। ফলে ওই তারিখ থেকে প্রাপ্য বর্ধিত বেতনের অর্থ কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া হিসেবে পাবেন।
প্রজ্ঞাপনে বিভিন্ন ভাতা কার্যকরের সময়ও নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোর অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। একই সময় থেকে পেনশনভোগীরাও নতুন কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধা পাবেন।
নতুন জাতীয় বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। সর্বোচ্চ গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ এবং সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ।
এ ছাড়া নতুন বেতন কাঠামোর আওতায় বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। একজন কর্মকর্তা-কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাবেন।

