হবিগঞ্জে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দা মিনহাজ উম মুনীরা রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আলোচিত এই মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন এবং একই এলাকার মৃত ইশ্বাদ উল্লাহ’র ছেলে মো. গোলাম হোসেন।
এজাহার সূত্রে জানা যায়, বিবাহিত হওয়া সত্ত্বেও খলিল উদ্দিন এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হওয়ায় ওই তরুণী তার পুরোনো রূপার চেইন বিক্রি করতে চাইলে খলিল তা কিনতে রাজি হন। ২০২১ সালের ২৬ ডিসেম্বর গভীর রাতে দেখা করার কথা বলে তরুণীকে একটি নির্জন জমিতে ডেকে নেন খলিল এবং তাকে ধর্ষণ করেন।
পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী গোলাম হোসেন ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে ফেললে তিনিও ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী তরুণী এতে অস্বীকৃতি জানালে, নরপিশাচ খলিল ও গোলাম হোসেন মিলে তাকে নির্মমভাবে হত্যা করেন। পরদিন দুপুরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা সুফি মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে বিচারাধীন অবস্থায় আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া নিয়মানুযায়ী আগামী সাত দিনের মধ্যে তারা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

