spot_img

নাকভির কাছ থেকে এবারও ট্রফি নিল না ভারত, ব্যাখ্যা দিল দেশটির বোর্ড

অবশ্যই পরুন

দুবাইয়ে ভারতের মেয়েদের রেকর্ড অষ্টম নারী এশিয়া কাপ জয়ের পরও দেখা গেল গত বছরের সেই পরিচিত দৃশ্য। দীর্ঘ সময় অপেক্ষার পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জেতে হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারত। তবে ম্যাচ শেষে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নাকভি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্সআপের চেক তুলে দেন। অন্যদিকে ভারতীয় দল বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া ও সহসভাপতি রাজীব শুক্লার উপস্থিতিতে আলাদাভাবে নিজেদের পদক গ্রহণ করে।

শ্রীলঙ্কাকে পুরস্কার দেয়ার পরপরই স্টেডিয়াম ছেড়ে চলে যান নাকভি। তবে গত বছরের মতো এবার তিনি ট্রফি নিয়ে বের হননি। ভারতের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তকে গত বছরের পুরুষ দলের সিদ্ধান্তের সঙ্গে সংহতি হিসেবে ব্যাখ্যা করেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

ম্যাচের পর আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে সাইকিয়া বলেন, ‘আমাদের পুরুষ দল প্রায় দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল। ২০২৫ সালের এপ্রিলের পেহেলগাম ঘটনার পর আমাদের পুরো পরিস্থিতি বদলে যায়। এরপর দেশের মানুষের পক্ষ থেকে আমাদের ওপর চাপ ছিল যে প্রতিবেশী দেশের সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখা হয় এবং তাদের সঙ্গে ক্রিকেটও না খেলা হয়। তবে আমাদের সরকারের নীতি হলো, বহুজাতিক টুর্নামেন্টে আমাদের প্রতিটি দেশের বিপক্ষেই খেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘এর অর্থ এই নয় যে আমাদের জন্য নির্ধারিত প্রতিটি শর্তই আমরা মেনে নেব। আমাদের সামরিক সংঘাত এখনো চলমান। যারা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, তাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না। নারী দল গত বছর পুরুষ দলের নেয়া সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’

তবে ট্রফি গ্রহণ না করার এই সিদ্ধান্ত ভারতীয় দলের সাফল্যকে কোনোভাবেই খাটো করে না বলেও মন্তব্য করেন সাইকিয়া। তার ভাষায়, ‘এতে আমাদের দলের পারফরম্যান্সের কোনো গুরুত্ব কমে যায় না। আমরা সব ম্যাচই একতরফাভাবে জিতেছি। ভারতে নারী ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, এই জয় তার সবচেয়ে বড় প্রমাণগুলোর একটি। আমাদের পুরো পরিকল্পনা এখন ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে।’

২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর পর গত বছরের এশিয়া কাপে ভারতের পুরুষ দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি এবং নাকভির কাছ থেকেও ট্রফি গ্রহণ করেনি। পরবর্তী সময়ে নারী দলও ওয়ানডে বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টে একই অবস্থান অনুসরণ করে।

এদিকে দুবাইয়ের রয়্যাল বক্সে সাইকিয়ার সঙ্গে রাজীব শুক্লা ও নাকভির কথোপকথনের কিছু দৃশ্য নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে সাইকিয়া বলেন, সেখানে কারও সঙ্গে দেখা করা বা কথা বলা অস্বাভাবিক কিছু নয়।

 

সর্বশেষ সংবাদ

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ