রাজধানীর ঢাকা মেট্রো-৩ সার্কেলের আওতাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৮টি পরিবারের মাঝে ৯৮ লাখ টাকার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিআরটিএ ট্রাস্টি বোর্ড ফি বা আর্থিক সহায়তা তহবিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত একটি বিশেষ তহবিল। নিবন্ধিত মোটরযান মালিকদের নির্ধারিত হারে এই তহবিলে ফি জমা দিতে হয়। এর বিপরীতে ট্রাস্টি বোর্ড থেকে সার্টিফিকেট দেওয়া হয়।
কোনো মোটরযানের কারণে সড়ক দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হলে এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে নির্ধারিত নিয়মে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আইনি প্রক্রিয়ার আওতায় আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

