পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতে এসে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক মঞ্চে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার দিল্লিতে ধর্মানুরাগী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও ব্যবসায়ীদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, ইরান কোনো বৈদেশিক ‘পীড়ন’ বা ‘দাদাগিরি’-র কাছে নতিস্বীকার করবে না।
তিন দিনের ভারত সফরে দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, তবে ইরানে অস্থিরতা তৈরি করা বা দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির কোনো চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
বক্তব্যে আমেরিকা ও ইজরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করে পেজেশকিয়ান তাদের ‘আসল জঙ্গি’ বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, আমেরিকা ও ইজরায়েল ইরানের সামরিক ঘাঁটির বদলে হাসপাতাল, সাধারণ পরিকাঠামো এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
দক্ষিণ ইরানে একটি প্রাথমিক স্কুলের কাছে মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ওই হামলায় ১৬৮ জন নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে।
আমেরিকা ও ইজরায়েলের নীতিকে নিয়ন্ত্রণহীন পশুর সওয়ারির সাথে তুলনা করে পেজেশকিয়ান বলেন, ‘তারা লাগাম ছাড়া বুনো ঘোড়ায় চড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে চলেছে, যা তাদের ধ্বংস এবং নরকের আগুনের দিকে ঠেলে দেবে।’
তিনি সাফ জানান, ‘আমরা কোনো ধরনের জুলুমের কাছে মাথা নত করব না। ইজরায়েল ও মার্কিন দাদাগিরির বিরুদ্ধে ইরান শক্ত হয়ে দাঁড়িয়েছে। তারা যদি আমাদের চাপ দেয়, তবে আমরাও পাল্টা ধাক্কা দেব।’
সূত্র: ইরনা

