spot_img

ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭

অবশ্যই পরুন

ফিলিপাইনের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পালাওয়ানের করনের কাছে সমুদ্রে একটি ফেরিতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আগুন লাগার পর ৪২ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ৮৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড।

বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার (১ দশমিক ৩ মাইল) দূরে এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুন লাগে। আগুনে ফেরিটির বড় একটি অংশ পুড়ে যায়। দুর্ঘটনার পর জ্বলন্ত ফেরিটির ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ম্যানিলা থেকে করনের উদ্দেশে যাত্রা করা ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৩৪ জন ছিলেন। এর মধ্যে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য।

বৃহস্পতিবার কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য।

তবে নিখোঁজ ৮৭ জনের সন্ধানে এখনো অভিযান চলছে। দুর্ঘটনার পর তাদের মধ্যে কতজন সমুদ্রে পড়েছেন বা ফেরির কোথায় ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউই বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন কায়াবিয়াব। ফলে ফেরিটিতে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল এবং আগুন লাগার সময় যাত্রীরা কোথায় ছিলেন, তা জানতে তদন্তকারীদের সমস্যায় পড়তে হচ্ছে।

এদিকে আগুন লাগার কারণ খুঁজে বের করার পাশাপাশি নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। ম্যানিলা থেকে করনের পথে যাত্রা করা এম/ভি জুন অ্যাস্টারে কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা জানতে তদন্তও শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ

ম্যাক অ্যালিস্টারের গোলে আতলেতিকোকে হারাল লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী লড়াইয়ে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করল লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদকে ২–১...

এই বিভাগের অন্যান্য সংবাদ