বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ফলে, এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে বছরে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
এদিকে, ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ১২ বছরের কম বয়সীরা ৯ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবেন।
অন্যদিকে, মার্কিন ডলারের নোট আকারে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে বিদ্যমান সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট নেওয়ারও সুযোগ পাবেন।

