spot_img

অবসরে চলে গেলেন স্পেনের তারকা ফুটবলার

অবশ্যই পরুন

বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই স্পেনের জাতীয় দলকে বিদায় জানালেন মার্কোস লরেন্তে। মাত্র ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

লরেন্তে লিখেছেন, ‘অনেক দিন ধরে বিষয়টি নিয়ে ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় দলের সঙ্গে আমার সময় এখানেই শেষ করব।’

জুলাইয়ে স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন লরেন্তে। টুর্নামেন্টে রাইট-ব্যাক হিসেবে টটেনহ্যামের পেদ্রো পোরোর ব্যাকআপ হিসেবে খেলেছেন তিনি। গ্রুপ পর্বের দুটি ম্যাচে একাদশে ছিলেন লরেন্তে। এরপর অবশ্য নকআউট পর্বে তার খেলার সুযোগ খুবই সীমিত ছিল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচের শেষ দিকে মাঠে নেমে স্পেনের জয় নিশ্চিত করার সময় দলের সঙ্গে ছিলেন তিনি।

বিশ্বকাপ হাতে নিজের একটি ছবি দিয়ে লরেন্তে আরও লিখেছেন, ‘আমি জানি, আমি এখনো তরুণ এবং ভালো পারফর্ম করতে থাকলে এই জার্সিতে হয়তো আরও কয়েক বছর খেলার সুযোগ আমার থাকত। কিন্তু এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমি খুব ভেবেচিন্তে নিয়েছি।’

জাতীয় দল থেকে তার বিদায়ের সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে সেটিও স্বীকার করেছেন লরেন্তে। তিনি বলেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই এই সিদ্ধান্ত বুঝতে পারবেন না। সত্যি বলতে, বাইরে থেকে দেখলে আমিও হয়তো বিষয়টি বুঝতে পারতাম না।’

ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পেনের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন লরেন্তে। তবে বিশ্বকাপে যাওয়া বা শিরোপা জয়ের সঙ্গে তার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই বলেও পরিষ্কার করেছেন তিনি।

লরেন্তের ভাষায়, ‘আমি বিশ্বকাপে যেতাম কি না, আমরা বিশ্বকাপ জিততাম কি না সেটি যা-ই হোক, আমি এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’

জাতীয় দলের হয়ে পাওয়া অভিজ্ঞতাগুলো আজীবন মনে রাখবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি যা কিছু পেয়েছি, সবকিছুই সযত্নে মনে রাখব। তবে সবচেয়ে বেশি মনে থাকবে এই শেষ ৫২ দিন। এমন একটি অসাধারণ দলের সঙ্গে ছিলাম, যারা শেষ পর্যন্ত লড়াই করেছে স্পেনকে সবার ওপরে তুলে ধরতে। আর তারা সেটিই করেছে।’

রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শুরু করা লরেন্তে ২০১৯ সালে শহরের আরেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন। ক্লাব ক্যারিয়ারে তার রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা ও একটি লা লিগা ট্রফি। এবার বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারেও টানলেন পর্দা।

সর্বশেষ সংবাদ

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ; কখনো কখনো এমনটা হয়ে যায়, বলছে যুক্তরাষ্ট্র

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ওয়াশিংটনের দাবি, তারা এই খবর...

এই বিভাগের অন্যান্য সংবাদ