spot_img

‘চিন্ময় কৃষ্ণ দাসকে সারা বিশ্বের মানুষ চেনেন’: বিজেপি নেতা

অবশ্যই পরুন

‘চিন্ময় কৃষ্ণ দাসকে সারা বিশ্বের মানুষ চেনেন’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাংলাদেশে হিন্দুদের অধিকার রক্ষায় তার আন্দোলনের কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে বাংলাদেশের সরকার যে আচরণ করেছে, তাতে তারা ব্যথিত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

দীর্ঘদিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকার পর সোমবার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর পশ্চিমবঙ্গের সনাতনীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বেশ কয়েকটি গণমাধ্যমেও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের কারাগার পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, ‘শ্রদ্ধেয় চিন্ময় প্রভু বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য যে আন্দোলন করেছেন, সারা বিশ্বের মানুষ তাকে চেনেন। তার সঙ্গে সেখানকার সরকার যে আচরণ করেছে, তাতে আমরা সবাই ব্যথিত। একটি স্বাধীন দেশে যেভাবে মানবতা ও বিরোধীদের উৎখাত করা হচ্ছে, তা মানবতাবিরোধী। সবাই এর প্রতিবাদ করছে। আমার মনে হয়, দেশটি এ কারণেই ডুবে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মানবতার বিরুদ্ধে লড়াই যদি তারা বন্ধ না করে, তাহলে তাদের সমূহ বিনাশ হবে। চিন্ময় প্রভু সেখানকার বিরোধীদের প্রতিবাদের মুখ। একজন তপস্বী সন্ন্যাসী, তার জীবনের মায়া নেই। কিন্তু তার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা সারা বিশ্ব দেখছে।’

চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি নিয়ে সম্প্রতি সরব হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। দুই দিন আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এ বিষয়ে ইসকনের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ‘চিন্ময় প্রভু ইসকনেরই একজন সন্ন্যাসী ছিলেন। তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু গ্রেপ্তারের পর ইসকন যেভাবে তাকে অস্বীকার করল, তাতে আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত।’

শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ‘শ্রীচৈতন্য মহাপ্রভু কাজির ফরমানের বিরুদ্ধে অহিংস আন্দোলন করেছিলেন। তার প্রকৃত শিষ্য সেই সন্ন্যাসী, যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। চিন্ময় প্রভুকে ত্যাগ বা অস্বীকার করার অর্থ স্বয়ং চৈতন্যদেবকে অস্বীকার করা।’

এর আগে এ বিষয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘এটা ইসকনের ভেতরের ব্যাপার। এ বিষয়ে আমার ঠিক জানা নেই। চিন্ময় প্রভু আন্দোলন করেছিলেন। তার বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে তার পক্ষে সারা দুনিয়াতেই জনমত তৈরি হয়েছে।’ ওই মন্তব্যের দুই দিন পর একই ইস্যুতে আবারও কথা বললেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ওই বছরের নভেম্বরে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। তার মুক্তির দাবিতে বাংলাদেশে ও কলকাতায় একাধিক মিছিল ও সমাবেশ হয়। তবে তার জামিন হয়নি। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আরও মামলা যুক্ত হয়।

চট্টগ্রামে গ্রেপ্তারের পর তাকে কেন্দ্রীয় কারাগারে নেয়ার সময় কারাগারের বাইরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক আইনজীবী নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়।

সর্বশেষ সংবাদ

সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর

শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, অবহেলা ও শোষণ বন্ধে সমন্বিত, জাতীয়ভাবে স্বীকৃত ও টেকসই অর্থায়ননির্ভর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার...

এই বিভাগের অন্যান্য সংবাদ