আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪০ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৭ দশমিক ৭০ ডলারে উঠেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডলার ও মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড কমে যাওয়ায় স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান (পে-রোলস) প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন, যা ফেডারেল রিজার্ভের আসন্ন সুদহার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য এলে সুদহার কমানোর সম্ভাবনা বাড়বে। আর সুদহার কমার প্রত্যাশা সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়িয়ে দেয়।
এদিকে আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির মধ্যেই দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। টানা তিন দফা কমার পর এবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা দাম বাড়ানো হয়েছে । নতুন দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ফলে একদিনে এই মানের স্বর্ণের দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা। সূত্র: রয়টার্স

