spot_img

ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী

অবশ্যই পরুন

হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববার (৩০ আগস্ট) এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ফক্স নিউজের এক প্রতিবেদকের দাবি, ওই হামলার জবাবে ইরান জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করেছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন কর্মকর্তার ভাষ্য, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে রকেট ও সমুদ্র মাইন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল। সেই তথ্যের ভিত্তিতেই লারাক দ্বীপে থাকা দুটি উৎক্ষেপণকারী স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলায় তাদের কয়েকজন সদস্যের পাশাপাশি বেসামরিক লোকজনও নিহত ও আহত হয়েছেন। তেহরান এই হামলার জবাব দেওয়ার এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির দাবি, ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলা হয়েছে বা বিস্ফোরিত করা হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নতুন করে কোনো জাহাজ চলাচলের পথে মাইন পেতে রাখার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে।

জুলাইয়ের শেষ দিকে ইরানে সর্বশেষ মার্কিন হামলার পর থেকে সংঘাত এক ধরনের অচলাবস্থায় থাকলেও সাম্প্রতিক এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। একই সময়ে ইরানকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকিও দিয়ে আসছে ওয়াশিংটন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের নতুন পর্যায় শুরু হয়। এরপর ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা কয়েকটি দেশে পাল্টা হামলা চালায়। ছয় মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতের প্রভাব হরমুজ প্রণালিতে পড়েছে, যে পথ দিয়ে আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো।

সর্বশেষ সংবাদ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিদায়ী ভাষণে বিশ্ব নেতাদের প্রতি এক জোরালো আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ