spot_img

কাতারে ৬ মাস ধরে বন্দি ইরানের ৩ সামরিক পাইলট

অবশ্যই পরুন

কাতারে গত ছয় মাস ধরে তিন ইরানি সামরিক পাইলট বন্দি রয়েছেন বলে দাবি করেছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কাতারি বাহিনীর হাতে আটক এসব পাইলটকে পরিবারের সদস্য কিংবা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ইরান ইন্টারন্যাশনালের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ সদস্যবিষয়ক কমিটির প্রধান মোহাম্মদ বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ এগারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে কাতারে বন্দি তিন পাইলটের মুক্তিতে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

ইরানি সূত্রের দাবি, গত মার্চে কাতারের একটি সামরিক ঘাঁটিতে অভিযান চালানোর সময় ইরানের রুশ নির্মিত সুখোই সু-২৪ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। এরপর তিন পাইলট কাতারি বাহিনীর হাতে আটক হন। তেহরানের দাবি, ওই সময় তারা কাতারের একটি ‘শত্রু সামরিক ঘাঁটি’ লক্ষ্য করে অভিযান চালাচ্ছিলেন।

আইসিআরসির প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে বাঘেরজাদেহ দাবি করেন, কাতারে আটকের পুরো সময়ে তিন পাইলটকে পরিবারের সদস্য কিংবা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি।

প্রতিবেদনে বন্দি তিন পাইলটের নামও প্রকাশ করা হয়েছে। তারা হলেন জাভাদ সালেহি, আবদোলমাজিদ দাশতিয়ান ও ওমরান বেহরাভেশিয়ান।

তবে পাইলটদের আটকের বিষয়ে কাতারি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এর আগে ইরানি কর্মকর্তারা মাজিদ কাজেমি নামে আরেক পাইলটকে কাতারের বিরুদ্ধে পরিচালিত একটি সামরিক অভিযানের পর দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছিলেন।

এদিকে তিন ইরানি পাইলটের কাতারে বন্দি থাকার খবর এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে তেহরান ও দোহার মধ্যে যোগাযোগ চলছে।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির সংবাদমাধ্যম শাহরারা নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কাতার ও পাকিস্তানের সঙ্গে ইরান বার্তা আদান-প্রদান করছে। তবে এটিকে আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখছেন না তিনি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো সরাসরি আলোচনা পুনরায় শুরু হয়নি।

একইসঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক সেই সময়ে তিন ইরানি পাইলটের দীর্ঘদিন কাতারে বন্দি থাকার খবর নতুন করে আলোচনায় এসেছে। ফলে ঘটনাটি সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রেক্ষাপটেও গুরুত্ব পাচ্ছে।

সর্বশেষ সংবাদ

সমন ঠিক থাকলে একতরফা ডিক্রি বাতিলের আবেদন গ্রহণযোগ্য হবে না: হাইকোর্ট

মামলার সমন বিবাদীর সঠিক ঠিকানায় যথাযথভাবে পৌঁছানোর প্রমাণ থাকলে, শুধু সমন পাওয়া যায়নি এমন দাবি করে একতরফা ডিক্রি বাতিলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ