মিসওয়াক হলো দাঁত ও মুখগহ্বর পরিষ্কারের একটি প্রাকৃতিক উপায়। সাধারণত আরাক গাছ (Salvadora persica)-এর ডাল বা শিকড় থেকে এটি প্রস্তুত করা হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত কোথাও ‘দাঁদাসা’, কোথাও ‘চিকু’, আবার কোথাও সরাসরি ‘মিসওয়াক’ নামেই পরিচিত।
মিসওয়াকের আঁশযুক্ত প্রাকৃতিক গঠন দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা ও প্লাক দূর করতে অত্যন্ত কার্যকর। এতে কোনো কৃত্রিম রাসায়নিক উপাদান থাকে না; ফলে এটি মুখ ও দাঁতের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর এবং সম্পূর্ণ প্রাকৃতিক একটি পরিচর্যার মাধ্যম।
মিসওয়াক হলো এমন একটি নির্দষ্টি কাঠি, যা দাঁত ও মুখগহ্বর পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। অর্থাৎ, এটি কেবল একটি কাঠের টুকরো নয়; বরং শরিয়ত-স্বীকৃত পরিচ্ছন্নতার একটি প্রাকৃতিক ও সুন্নাহসম্মত উপায়, যা মানুষের মৌখিক স্বাস্থ্য রক্ষা এবং ইবাদতের জন্য পরিচ্ছন্নতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (মাউসুআতুল ফিকহিয়্যাহ, খণ্ড ১, পৃষ্ঠা ২৯৪)
মিসওয়াক : সুন্নাতে নববীর এক উজ্জ্বল নিদর্শন
রাসুলুল্লাহ (সা.) মিসওয়াক ব্যবহারের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করেছেন এবং তাঁর উম্মতকেও এর প্রতি উৎসাহিত করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তবে আমি তাদের প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।’ (সহিহ বুখারি, হাদিস : ৮৮৭)
অন্য একটি হাদীসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মিসওয়াক মুখকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।’ (সুনানে নাসাঈ, হাদিস : ৫)
রাসুলুল্লাহ (সা.) বিশেষভাবে নম্নিলিখিত সময়গুলোতে মিসওয়াক ব্যবহার করতেন : ১. প্রত্যেক নামাজের আগে। ২. ঘুমাতে যাওয়ার আগে। ৩. ঘুম থেকে জাগ্রত হওয়ার পর। ৪. পবিত্র কোরআন তিলাওয়াতের পূর্বে। ৫. ঘরে প্রবেশ করার সময়। ৬. ওজু করার সময়। (আল-বাহরুর রায়েক, খণ্ড ১, পৃষ্ঠা ২০)
স্বাস্থ্য রক্ষায় কার্যকর মিসওয়াক
১. প্রাকৃতিক জীবাণুনাশক (Antibacterial) বৈশষ্ট্যি
মিসওয়াকে প্রাকৃতিকভাবে অ্যালকালয়েড (Alkaloids), ট্যানিন (Tannins), সিলিকা (Silica), সোডিয়াম বাইকার্বোনেট (Sodium Bicarbonate)-সহ আরও বহু কার্যকর জৈব ও খনিজ উপাদান বিদ্যমান। এসব উপাদান মুখগহ্বরে অবস্থানকারী ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি দমন করে এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস করে।
নিয়মিত মিসওয়াক ব্যবহারের ফলে
১. দাঁতের ক্ষয় (Dental Caries) হওয়ার সম্ভাবনা কমে যায়।
২. মাড়ি দৃঢ় ও সুস্থ থাকে।
৩. মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু হ্রাস পায়।
৪. মুখগহ্বর দীর্ঘ সময় সতেজ ও পরিচ্ছন্ন থাকে।
২. প্রাকৃতিক ফ্লোরাইডের উত্কৃষ্ট উত্স
মিসওয়াকে স্বাভাবিকভাবেই ফ্লোরাইড বিদ্যমান, যা দাঁতের এনামেলকে শক্তিশালী করে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃত্রিমভাবে ফ্লোরাইড সংযোজিত অনেক টুথপেস্টের তুলনায় মিসওয়াকের ফ্লোরাইড সম্পূর্ণ প্রাকৃতিক উত্স থেকে আসে, ফলে এটি অধিক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলে বিবেচিত হয়।
৩. প্লাক ও দাঁতের ক্ষয় প্রতিরোধে কার্যকর
Journal of Clinical Periodontology (২০০৩)-এ প্রকাশিত একটি গবেষণায় উলে্লখ করা হয়েছে যে, নিয়মিত মিসওয়াক ব্যবহারে দাঁতের ওপর জমে থাকা ডেন্টাল প্লাক (Dental Plaque) উলে্লখযোগ্যভাবে হ্রাস পায় এবং দাঁতের ক্ষয় বা ক্যাভিটি (Dental Cavities) হওয়ার ঝুঁকিও কমে আসে। এ গবেষণা প্রমাণ করে যে মিসওয়াক কেবল দাঁত পরিষ্কারই করে না; বরং দাঁতের দীর্ঘমেয়াদি সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪. লালারস নিঃসরণ বৃদ্ধি করে
মিসওয়াক ব্যবহারের ফলে মুখে লালারস (Saliva) নিঃসরণ বৃদ্ধি পায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় লালারস মুখগহ্বরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। এটি মুখের অম্লীয় পরিবেশকে নিয়ন্ত্রণ করে, খাদ্যকণা অপসারণে সাহায্য করে এবং ক্ষতিকর জীবাণুর বংশবিস্তার রোধ করে। ফলে মুখ স্বাভাবিকভাবেই অধিক পরিচ্ছন্ন, আর্দ্র ও জীবাণুমুক্ত থাকে।
৫. জিহ্বা ও কণ্ঠনালির পরিচ্ছন্নতায় সহায়ক
মিসওয়াকের কার্যকারিতা শুধু দাঁত ও মাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি জিহ্বা, তালু এবং কণ্ঠনালির পরিচ্ছন্নতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ব্যবহারে:
১. মুখের শ্বাস-প্রশ্বাস সতেজ ও সুগন্ধময় থাকে।
২. খাদ্যের স্বাদ গ্রহণে সহায়তা করে এবং পরিপাকে ইতিবাচক প্রভাব ফেলে।
৩. গলা পরিষ্কার রাখতে সাহায্য করে।
৪. মুখগহ্বরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয়।
আন্তর্জাতিক গবেষণা ও স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন
মিসওয়াকের উপকারিতা শুধু মুসলিম গবেষকদের পর্যবেক্ষণেই সীমাবদ্ধ নয়; বরং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীগুলোও এর কার্যকারিতা স্বীকার করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাদের Oral Health Report (2000)-এ উলে্লখ করেছে যে মিসওয়াক মুখগহ্বরের পরিচ্ছন্নতা রক্ষার জন্য একটি কার্যকর, স্বল্পব্যয়ী এবং ঐতিহ্যবাহী প্রাকৃতিক উপায়, যা বিশেষত সীমিত সম্পদের জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উপযোগী।
একইভাবে Journal of Ethnopharmacology (Vol. 68, Issue 1–3, 1999)-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে, Salvadora persica ব্যবহারের ফলে মাড়ির প্রদাহ, মাড়ি থেকে রক্তক্ষরণ এবং দাঁতের সংবেদনশীলতা উলে্লখযোগ্যভাবে হ্রাস পায়।
এছাড়া Pakistan Dental Journal (2020)-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে যে মিসওয়াক শুধু দাঁতের প্লাক অপসারণেই কার্যকর নয়; বরং জিনজিভাইটিস (Gingivitis)-এর মতো মাড়ির প্রদাহজনিত রোগের চিকিৎসা ও প্রতিরোধেও এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
আধুনিক যুগের মহান চিন্তাবিদ আল্লামা ড. ইকবালকে কেউ প্রশ্ন করেছিল যে ‘আজকাল উন্নতমানের প্রাদেশিক ব্রাশ পাওয়া যায়, সেগুলো কি মিসওয়াকের বিকল্প হতে পারে না?’ তার জবাবে তিনি বলেন : মিসওয়াক বলতে আমি দেশীয় মিসওয়াককে বুঝিয়েছি, ইংরেজি স্টাইলের ব্রাশ কিংবা মাজন নয়। কারণ ইউরোপে প্রস্তুতকৃত কিছু জিনিস অবশ্যই সুন্দর, কিন্তু তাতে নৈতিক বিষক্রিয়া আছে। যার প্রভাব আজকের বস্তুবাদী মানুষ তাত্ক্ষণিকভাবে অনুভব করতে পারে না। (ফিকরে ইকবাল, ড. খলিফা আবদুল হাকিম ও মাহনামায়ে মুহাদ্দিস, হাফেজ আব্দুর রহমান মাদানী)
অতএব, মিসওয়াককে কেবল একটি ধর্মীয় অনুশীলন হিসেবে নয়, বরং বৈজ্ঞানিকভাবে সমর্থিত, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব জীবনাচারের অংশ হিসেবে গ্রহণ করা সময়ের দাবি।
লেখক : মুদাররিস, গবেষক ও প্রাবন্ধিক
জামিয়া মাদানিয়া শুলকবহর, চট্টগ্রাম।

