নিজের প্রজন্মের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে খ্যাত অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও সফল এক নাম। আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) দিয়ে পথচলা শুরু করে পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন তিনি।
বিদেশি ক্রিকেটারদের ভারতে এসে নায়িকাদের সঙ্গে প্রেম করার ঘটনাও কম নয়। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে ভারতীয় অভিনেত্রী নীনা গুপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে। সম্পর্ক বিয়েতে না গড়ালেও এই জুটির মাসাবা গুপ্তা নামে একটি কন্যাসন্তান রয়েছে।
অস্ট্রেলিয়ান সুদর্শন পেসার ব্রেট লির সঙ্গে বলিউড স্টার প্রীতি জিনতার প্রেমের সম্পর্ক নিয়ে গুজবের ডালপালা বেশ ছড়িয়েছিল। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলএ খেলতে কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমান পাঞ্জাব কিংস) যোগ দেন দুরন্ত গতির পেসার ব্রেট লি। ২০১০ সাল পর্যন্ত তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন। তখন কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক ছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।
তখনই দুজনের প্রেমের গুজব ছড়ায়। তবে ব্রেট লি কখনোই এ ব্যাপারে কিছু্ বলেননি। প্রায় ১৮ বছর পর অবশেষে প্রীতি জিনতার সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বললেন ব্রেট লি।
সম্প্রতি একটি শুটিংয়ে অংশ নিতে মুম্বাই এসেছিলেন ব্রেট লি। তখন ‘বোম্বে টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি জানিয়েছেন, তিনি ও প্রীতি শুধু বন্ধুই ছিলেন এবং এখনো আছেন।
গত ৩ আগস্ট প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনাদের জন্য আসল খবর হলো, আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা ও আমি দারুণ বন্ধু ছিলাম এবং এখনো আছি। তখন ও পাঞ্জাব দলের মালিক ছিল। ও ভীষণ বুদ্ধিমতী একজন নারী এবং তার প্রতি আমার মনে অনেক সম্মান আছে।’
তিনি আরও যোগ করেন, ‘এই ধরনের গল্প আমাকে কখনো ভাবায়নি। কারণ আমি সব সময় সত্যটা জানতাম। মানুষ যত খুশি গুঞ্জন ছড়াতে পারে, কিন্তু আমি কখনোই এগুলোকে আমার ওপর প্রভাব ফেলতে দিইনি।’
ব্রেট লি দীর্ঘদিন চুপ থাকলেও প্রীতি জিনতা ২০১০ সালেই এই গুঞ্জন নিয়ে কথা বলেছিলেন। তিনি তখন বলেছিলেন, ‘আমার মনে হয় প্রতিবছর ব্রেটের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন ছড়ানোটা এখন বেশ পুরনো এবং বাসি খবর হয়ে গেছে। তাই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এখানে নতুন কোনো খবর নেই! আমরা শুধুই বন্ধু।’
ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলেসন্তান রয়েছে। তবে বিয়ের কিছুদিন পরেই তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে এবং মাত্র দুই বছর পর তারা আলাদা হয়ে যান। ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর ২০১৪ সালে লি লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন, যার সঙ্গে তার দুটি সন্তান রয়েছে।
একসময়ের ব্যস্ত অভিনেত্রী প্রীতি জিনতা কয়েক বছর ধরেই বলিউডে খুব একটা সক্রিয় নন। তবে সানি দেওলের সঙ্গে তার ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার চেয়ে বরং খেলার মাঠেই প্রীতি বেশি সময় দেন। পাঞ্জাব কিংসের অন্যতম মালিক প্রীতিকে প্রায়ই খেলার মাঠে দেখা যায়।

