উয়েফার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগের সুযোগ দেয়ার পরিকল্পনা ঘিরে সৃষ্টি হওয়া তীব্র বিতর্কের পর এ অবস্থান নেয় উয়েফা। ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
উয়েফা জানিয়েছে, ফিফা যদি পরিকল্পনাটি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যেত, তবে তারা ফিফার সব ধরনের প্রতিযোগিতা বয়কট করত। সংস্থাটির ভাষায়, এটি ছিল একটি ‘অস্বচ্ছ, গোপন এবং পর্দার আড়ালে করা চুক্তি’, যা ফুটবলের স্বার্থের পরিপন্থী।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ফিফা ফিউচার এন্টারপ্রাইজ নামে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হতো। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত এই প্রতিষ্ঠান। এর মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল ফিফার। পুরো প্রতিষ্ঠানের সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ২০ বিলিয়ন ডলার।
ফিফার দাবি ছিল, এই অর্থের মাধ্যমে সদস্যভুক্ত ২১১টি দেশের প্রতিটি ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০২৭ সালের শুরুতে এককালীন ২ কোটি ডলার দেওয়া সম্ভব হবে। পাশাপাশি ২০২৭-২০৩০ মেয়াদে ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থেকে প্রতিটি সদস্য দেশের বরাদ্দ ৮ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২০ মিলিয়ন ডলার করা যেত।
তবে ইউরোপ, এশিয়াসহ বিভিন্ন মহাদেশীয় কনফেডারেশন এবং ফুটবল সংশ্লিষ্ট মহলের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করে ফিফা।
শনিবার এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘বর্তমান ফিফা নেতৃত্ব শুধু উয়েফারই নয়, ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থাও হারিয়েছে।’
বিবৃতিতে ২০১৬ সালে প্রথমবার ফিফা সভাপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ইনফান্তিনোর দেয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়া হয়। সে সময় তিনি বলেছিলেন, ফিফা পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করবেন এবং ফিফার অর্থ সদস্য দেশগুলোর উন্নয়নের জন্য ব্যবহার করা হবে, কোনো ব্যক্তির নয়। উয়েফার দাবি, এই দুই প্রতিশ্রুতির একটিও রক্ষা করতে পারেননি ইনফান্তিনো। বিবৃতিতে বলা হয়, ‘তিনি যে গোপন, অস্বচ্ছ ও পর্দার আড়ালের চুক্তি করার চেষ্টা করেছিলেন, তা স্বচ্ছতার সম্পূর্ণ বিপরীত।’
উয়েফা আরও উল্লেখ করে, ফিফার ব্যাংক হিসাবে বর্তমানে ৫ বিলিয়ন ডলারেরও বেশি রিজার্ভ রয়েছে। অথচ সেই অর্থ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে যথাযথভাবে ব্যবহার করা হয়নি। সংস্থাটি মনে করে, ভবিষ্যতে এ ধরনের গোপন পরিকল্পনা আর গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য অন্যান্য কনফেডারেশন ও সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে পুরো ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না তৈরি হয়, সে বিষয়ে নতুন কাঠামো তৈরি করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ফুটবল বিক্রির জন্য নয়। এটি পুরো ফুটবল পরিবারের জয়। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। পরিকল্পনাটি বাতিল হয়েছে, তবে ফিফার প্রতি আস্থা পুনর্গঠনের কাজ এখনই শুরু।’

