তিন বছর পর আবার ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি। একই সঙ্গে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রানিয়েরি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইতালিয়ান ফুটবলে গত কয়েকদিনের অস্থিরতার অবসান ঘটল। ১২ জুলাই ক্লাব ইতালিয়ার প্রথম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পাওলো মালদিনির নাম ঘোষণা করা হয়। তার সঙ্গে বিশেষ উপদেষ্টার দায়িত্বে ছিলেন সাবেক সতীর্থ লিওনার্দো।
ঘোষণার পাঁচ দিন পর মালদিনি ও লিওনার্দো সংবাদ সম্মেলনে ইতালির ফুটবলকে একাডেমি পর্যায় থেকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। সে সময় জাতীয় দলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনার বিষয়েও আলোচনা চলছিল।
তবে এক সপ্তাহের মধ্যেই সেই পরিকল্পনা ভেস্তে যায়। মালদিনি ও লিওনার্দো পদত্যাগ করেন। কারণ, গার্দিওলা ও কার্লো আনচেলত্তির পর তাদের তৃতীয় পছন্দ আন্দ্রেয়া পিরলোর নিয়োগ আটকে যায় একটি নিষিদ্ধ রুশ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তির কারণে।
এরপরই সামনে আসে মানচিনির নাম। ২০২১ সালে ইতালিকে ইউরো চ্যাম্পিয়ন করা এই কোচ তিন বছর আগে সৌদি আরবের জাতীয় দলের দায়িত্ব নিতে ইতালি ছেড়েছিলেন। সৌদি আরবে এক বছর কাজ করার পর তিনি কাতারের আল সাদের কোচের দায়িত্ব পালন করেন। মানচিনির অধীনেই টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইতালি।
অন্যদিকে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পাচ্ছেন অভিজ্ঞ কোচ ক্লদিও রানিয়েরি। গত মৌসুমে জিয়ান পিয়েরো গাসপেরিনির সঙ্গে মতবিরোধের জেরে তিনি রোমা ছেড়েছিলেন। ৭৪ বছর বয়সী রানিয়েরি ২০২৪ সালে কোচিং থেকে অবসর নিলেও গত নভেম্বরে প্রিয় ক্লাব রোমার অনুরোধে মৌসুম শেষ করতে আবারও মাঠে ফেরেন।
এফআইজিসি সভাপতি মালাগো জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টায় মানচিনি ও রানিয়েরিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

