বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। একই ঘটনায় সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), আবুল কাশেমের ছেলে মোহাম্মদ করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার বাসিন্দা কামাল (৪৮)।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী রোববার সন্ধ্যায় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে যায়। সোমবার ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

