spot_img

রিয়াল মাদ্রিদের নাম মুছে একটি পরিচয় রাখলেন ভিনিসিয়ুস

অবশ্যই পরুন

চমকে দেওয়ার মতো এক ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে রিয়াল মাদ্রিদের পরিচয় সরিয়ে দিয়েছেন এই উইঙ্গার। বর্তমানে তার বায়োতে শুধু ব্রাজিলের পরিচয়ই দেখা যাচ্ছে।

সোমবার ভিনিসিয়ুসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পরিবর্তন নজরে আসে। আর এর পর থেকেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ, ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

দীর্ঘদিন ধরেই ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের বিষয়টি রিয়ালের অন্যতম প্রধান অগ্রাধিকার। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও চান, নতুন কোনো বড় তারকা দলে আনার আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিশ্চিত করতে।

তবে ভিনিসিয়ুসের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবর্তন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিফেনসা সেন্ট্রালের দাবি, ভিনিসিয়ুস তার প্রোফাইল ছবি কালো করেছেন, বায়ো থেকে রিয়াল মাদ্রিদের নাম সরিয়েছেন এবং ক্লাব-সম্পর্কিত পিন করা পোস্টও সরিয়ে ফেলেছেন।

তার সাম্প্রতিক পোস্টগুলোতেও রিয়ালের উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না। সতীর্থ ডেভিড আলাবা ও দানি কারভাহালের বিদায় উপলক্ষে করা কয়েকটি পোস্ট ছাড়া ক্লাবকে ঘিরে তেমন কিছু নেই।

অবশ্য এটি প্রথমবার নয়। এর আগেও গত ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর ভিনিসিয়ুস নিজের প্রোফাইল থেকে রিয়াল মাদ্রিদের উল্লেখ সরিয়ে দিয়েছিলেন। সেই ম্যাচে বার্নাব্যুর দর্শকদের একাংশের দুয়োও শুনতে হয়েছিল তাকে।

তবে ইনস্টাগ্রামের এই পরিবর্তনকে এখনই রিয়াল ছাড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন না অনেকে। ফুটবলাররা বিভিন্ন ব্যক্তিগত বা বাণিজ্যিক কারণেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবর্তন আনেন। এ বিষয়ে ভিনিসিয়ুস নিজেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে নতুন চুক্তি না হলে ক্লাবটিকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে হবে।

ভিনিসিয়ুস যদি শেষ পর্যন্ত রিয়ালে না থাকার সিদ্ধান্ত নেন, তাহলে তার বিকল্প হিসেবে মাইকেল ওলিসের মতো সম্ভাবনাময় তারকার দিকে নজর দিতে পারে লস ব্লাঙ্কোস। তবে ব্রাজিলিয়ানের বিশাল বেতন কাঠামো ধরে রাখলে সেই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে।

এখন অপেক্ষা, ভিনিসিয়ুস শেষ পর্যন্ত নতুন চুক্তিতে সই করে সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকেন, নাকি তার ক্যারিয়ারে আসে নতুন কোনো মোড়।

সর্বশেষ সংবাদ

মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর স‌ঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠক

মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ বিষয়ক মন্ত্রী গিলা আলীর স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন বাংলাদেশের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক...

এই বিভাগের অন্যান্য সংবাদ