spot_img

অং সান সু চি আমাদের বোন: আসিয়ানকে জানাল মিয়ানমার

অবশ্যই পরুন

আটক সাবেক নেত্রী অং সান সু চি সুস্থ আছেন এবং তার যথাযথ যত্ন নেওয়া হচ্ছে বলে আসিয়ানকে জানিয়েছে মিয়ানমার সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সু চিকে ‘আমাদের বোন’ হিসেবে উল্লেখ করে তার নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো।

লাজারো জানান, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী টিন মং সোয়ে তাকে বলেছেন, “অং সান সু চি আমাদের আত্মীয়, তিনি আমাদের বোন। তাই আমরা তার যথাযথ যত্ন নেব।”

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি আটক রয়েছেন। ওই অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমার দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে রয়েছে।

মারিয়া তেরেসা লাজারো দীর্ঘদিন ধরে ৮১ বছর বয়সী সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আসছেন। তিনি বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন যে সু চি সুস্থ আছেন। তবে বর্তমানে সু চি কোথায় আছেন, তা প্রকাশ করা হয়নি।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো আসিয়ানভুক্ত ১১ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করেন। দেশটির চলমান গৃহযুদ্ধ বন্ধে শান্তি প্রচেষ্টা পুনরায় শুরু করাই ছিল এ বৈঠকের মূল লক্ষ্য।

মিয়ানমারের সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সু চি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বিভিন্ন ফৌজদারি মামলায় তাকে এই সাজা দেওয়া হলেও তার সমর্থকদের দাবি, তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব মামলা করা হয়েছে। সু চি সব অভিযোগ অস্বীকার করেছেন।

আসিয়ানের প্রস্তাবিত পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের সামরিক নেতৃত্বকে সংগঠনটির শীর্ষ বৈঠকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তবে লাজারো জানিয়েছেন, এই পরিকল্পনার প্রতি আসিয়ানের সমর্থন অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মিয়ানমারের সংকট একদিনে সমাধান সম্ভব নয়। সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করাই এখন গুরুত্বপূর্ণ।

এদিকে, মিয়ানমারের সামরিকপন্থী সংসদ সম্প্রতি আসিয়ানের শান্তি উদ্যোগকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে। তবে লাজারো বলেন, আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা সংঘাতরত পক্ষগুলোর মধ্যে সংলাপ শুরু ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে কাজ করছে।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ