spot_img

বিশ্বকাপে গোল মিস করায় হত্যার হুমকি, আত্মগোপনে ফুটবলার

অবশ্যই পরুন

মাঠের পারফরম্যান্স কিংবা একটি সুযোগ হাতছাড়া করার খেসারত যে কতটা ভয়াবহ হতে পারে, ফুটবল বিশ্ব আবারও তার এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলো। বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল মিস করার অপরাধে প্রাণনাশের হুমকি পেয়েছেন কলম্বিয়ার উইঙ্গার হামিন্তন কাম্পাস। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত ২৬ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে লোকচক্ষুর আড়ালে, আত্মগোপনে রয়েছেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ওই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কাম্পাস। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তা জালে জড়াতে ব্যর্থ হন। ম্যাচটি পরবর্তীতে টাইব্রেকারে গড়ালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। দলের এই অপ্রত্যাশিত পরাজয়ের পর থেকেই ক্ষুব্ধ সমর্থকদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে কাম্পাসকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও প্রাণনাশের হুমকি দিতে শুরু করে।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর দলের অন্য সদস্যরা দেশে ফিরলেও কাম্পাস কলম্বিয়াগামী বিমানে ওঠেননি। তাঁর এই নিখোঁজ থাকা নিয়ে নানা গুঞ্জন তৈরি হলে অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের মানসিক বিপর্যয়ের কথা জানান এই তারকা।

বার্তায় কাম্পাস লিখেছেন, “ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল কলম্বিয়ার জার্সি গায়ে জড়ানো, মাঠে দাঁড়িয়ে লাখো মানুষের সামনে জাতীয় সঙ্গীত গাওয়া এবং বিশ্বকাপে দেশের হয়ে গোল করা।” চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে সেই স্বপ্ন পূরণ করলেও সুইজারল্যান্ডের বিপক্ষে ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “দেশের জার্সির প্রতি আমার ভালোবাসা ও নিবেদনের কোনো কমতি ছিল না। মাঠের লড়াইয়ে আমি আমার সর্বোচ্চটাই দিয়েছি। আপনাদের যে আনন্দ আমি দিতে চেয়েছিলাম, তা না পারার জন্য আমি গভীরভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”

কাম্পাসের ওপর এমন হুমকির ঘটনা ফুটবলপ্রেমীদের মনে ১৯৯৪ বিশ্বকাপের সেই অন্ধকার অধ্যায়ের স্মৃতি ফিরিয়ে এনেছে। সেবার আমেরিকার বিপক্ষে ম্যাচে আত্মঘাতী গোল করার অপরাধে দেশে ফেরার পর আততায়ীর গুলিতে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছিল কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারকে। ৩২ বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় ফুটবল অঙ্গনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, “দেশের প্রতিনিধিত্ব করার কারণে কোনো ফুটবলার কিংবা তার পরিবারকে এভাবে জীবননাশের হুমকির মুখে পড়তে হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” হামিন্তন কাম্পাস ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কলম্বিয়া সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে দেশের ফুটবল সর্বোচ্চ সংস্থা।

সর্বশেষ সংবাদ

ইরানের সামনে দুটিই পথ, চুক্তি নয়তো পূর্ণ আত্মসমর্পণ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি আলোচনা চলেনি এবং কেবল ওমানের সাথে তারা যোগাযোগ রাখছে বলে ইরান যে বিবৃতি দিয়েছে, তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ