প্রযুক্তির দ্রুত বিকাশ এবং ডিজিটাল ইকোসিস্টেমের সম্প্রসারণের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজন হলে নতুন আইন প্রণয়নও করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন আধুনিকায়ন ও নতুন আইন প্রণয়ন-সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনযাপন, যোগাযোগ ও সামাজিক আচরণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি সৃষ্টি করেছে নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও যুগোপযোগী আইনি কাঠামো গড়ে তোলা সময়ের দাবি।
মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের আওতাধীন সব আইন, বিধি, প্রবিধান ও নীতিমালার পর্যালোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। কোন আইন সংশোধন বা আধুনিকায়ন প্রয়োজন, কোথায় নতুন আইন দরকার এবং বিদ্যমান আইনি কাঠামোর কোন ঘাটতি রয়েছে—এসব বিষয়ে দ্রুত সুপারিশ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একসময় মন্ত্রণালয়ের কার্যক্রম মূলত প্রিন্ট ও সম্প্রচারমাধ্যমে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার বিস্তারের কারণে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এসব ক্ষেত্রের অনেক কার্যক্রম এখনও প্রচলিত আইনের আওতার বাইরে রয়েছে। তাই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনও আধুনিকায়ন করতে হবে।
জহির উদ্দিন স্বপন জানান, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন আইন প্রণয়ন করেছে। বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর আইনি কাঠামো তৈরির লক্ষ্যে এসব দেশের আইন ও অভিজ্ঞতা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি সাইবার জগৎ, ডিজিটাল ট্রান্সমিশন এবং প্রযুক্তিনির্ভর সেবাগুলোকে সুশৃঙ্খল আইনি কাঠামোর আওতায় আনতে সরকারি-বেসরকারি অংশীজন, প্রযুক্তি বিশেষজ্ঞ, টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং অবকাঠামো বিশেষজ্ঞদের মতামত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব শাহ আলম, মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেলের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

