বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন ও তার সাবেক স্ত্রী সুজান খানের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল, বিচ্ছেদের সময় নাকি হৃতিকের কাছ থেকে ৪০০ কোটি রুপি খোরপোশ নিয়েছিলেন সুজান। তবে এবার সেই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সুজানের বড় বোন ও খ্যাতিমান জুয়েলারি ডিজাইনার ফারাহ খান আলি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ বলেন, ৪০০ কোটি রুপি খোরপোশ দেয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি পরিষ্কার করে বলতে চাই, আমার বোন এক টাকাও নেয়নি। আজও যখন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখি মানুষ লিখছেন, সুজান নাকি ৪০০ কোটি টাকা পেয়েছেন, তখন খুব খারাপ লাগে।
ফারাহ জানান, তাদের পরিবারে ছোটবেলা থেকেই সম্পর্ককে অর্থ বা সম্পদের চেয়ে বেশি গুরুত্ব দিতে শেখানো হয়েছে। তাই বিচ্ছেদের সময় সুজান কোনো ধরনের খোরপোশ নেননি। তার দাবি, এ কারণেই আজও হৃতিক রোশন, তার বাবা রাকেশ রোশন ও মা পিঙ্কি রোশনের সঙ্গে সুজানের আন্তরিক সম্পর্ক রয়েছে। ফারাহ বলেন, সুজান পুরো পরিস্থিতি অত্যন্ত মর্যাদার সঙ্গে সামলেছে। সে কোনোভাবেই গোল্ড ডিগার নয়। সাক্ষাৎকারে ফারাহ আরও জানান, ভাষ্য, হৃতিক ও সুজানের বিচ্ছেদের খবর পরিবারে বড় ধরনের আলোড়ন তুলেছিল। অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছিলেন। তবে তার মতে, দুজনই অত্যন্ত পরিণতভাবে পরিস্থিতি সামলেছেন এবং শেষ পর্যন্ত বিষয়টি সম্মানজনকভাবেই শেষ হয়েছে।
ফারাহ বলেন, আমি সুজানকে পরামর্শ দিয়েছিলেন, ৪০০ কোটির খোরপোশের গুঞ্জনের প্রতিবাদ করতে। কিন্তু সুজানের জবাব ছিল ভিন্ন। সুজান বলেছিলেন, মানুষ আমার সম্পর্কে কী ভাবছে, তাতে আমার কিছু যায় আসে না।
হৃতিক ও সুজানের বিয়ে নিয়েও কথা বলেন ফারাহ। তার দাবি, দুজনেই একে অপরকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। সে সময় হৃতিকের বাবা-মা হয়তো কিছুটা অপেক্ষা করতে বলেছিলেন, কারণ হৃতিক তখন ক্যারিয়ারের শীর্ষে উঠছিলেন। তবে হৃতিক ও সুজান বিয়ের সিদ্ধান্তে অটল ছিলেন।
বর্তমানে সুজান খান অভিনেতা আরসলান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে হৃতিক রোশন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী ও মডেল সাবা আজাদের সঙ্গে। প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি হৃতিক রোশনের জন্মদিনে প্রেমিকসহ হাজির হয়েছিলেন সুজান।

