spot_img

‘গালিবাফ-আরাঘচিকে হত্যা পরিকল্পনার’ বিষয়ে মুখ খুললো ইসরায়েল

অবশ্যই পরুন

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এ সংক্রান্ত খবরগুলো ‘ভুয়া’ এবং ‘বাস্তবতার বিকৃতি’ ছাড়া আর কিছু নয়।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দুই সংবাদমাধ্যম জানায়, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলাকালে ইরানের দুই শীর্ষ আলোচক—গালিবাফ ও আরাগচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও এমন আশঙ্কা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, সাম্প্রতিক সংঘাতের শুরু থেকেই ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা ইসরায়েলের অন্যতম কৌশলে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসরায়েলের নজরদারির তালিকায় ছিলেন।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, যুদ্ধকালীন উত্তেজনার মধ্যে আরাগচি ও গালিবাফকে ইসরায়েল বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারে। তবে ওয়াশিংটনের মূল্যায়ন অনুযায়ী, তাদের হত্যা করা হলে চলমান শান্তি প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো।

এর আগে মার্চ মাসে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, আরাগচি ও গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম ওই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়।

অন্যদিকে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, স্পিকার গালিবাফ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে রয়েছেন—এ তথ্য জানার পর তৎকালীন ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের সংঘাতের সময় গালিবাফ অল্পের জন্য প্রাণে বেঁচে যান। একটি পাহাড়ের নিচে নির্মিত গোপন বাঙ্কারে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বৈঠক চলাকালে সেখানে ইসরায়েলি হামলা হয়। ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তার দাবি, পৃথক দুটি হামলায় বাঙ্কারটি ধসে পড়লেও ধ্বংসস্তূপের নিচ থেকে গালিবাফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

সর্বশেষ সংবাদ

সকল হত্যাকাণ্ডের বিচার করবে সরকার, তবে বাস্তবায়নের জন্য সময় লাগবে: প্রতিরক্ষা উপদেষ্টা

মেজর সিনহা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার করবে এই সরকার, তবে বাস্তবায়নের জন্য সময় লাগবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ