spot_img

শি জিনপিংকে বার্তা কিমের, ‘চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্ব আরও গভীর হবে’

অবশ্যই পরুন

চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক অভিনন্দন বার্তায় কিম এ অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য প্রকাশ করে।

বার্তায় কিম বলেন, ‘দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা উত্তর কোরিয়া-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধারাবাহিকভাবে আরও এগিয়ে নেওয়াই আমাদের দল ও সরকারের অটল অবস্থান।’

সম্প্রতি পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ সম্মেলন আমাদের দুই দেশের পারস্পরিক আস্থা ও কমরেডসুলভ বন্ধুত্বকে আরও গভীর করার একটি ঐতিহাসিক উপলক্ষ ছিল।’

কিমের ভাষ্য, ওই বৈঠকে তিনি ও শি জিনপিং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের ‘অটল অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছেন।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের তথ্য অনুযায়ী, গত ৮ ও ৯ জুন পিয়ংইয়ং সফর করেন শি জিনপিং। প্রায় সাত বছর পর এটি ছিল উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টের প্রথম সফর।

কিম আরও বলেন, উত্তর কোরিয়া ও চীনের সম্পর্ক দুই দেশের জনগণের ‘যৌথ সম্পদ’, যা ভবিষ্যতেও সংরক্ষণ ও বিকশিত করা হবে।

ওই শীর্ষ বৈঠকে দুই নেতা এমন একটি যৌথ পরিকল্পনা গ্রহণ করেন, যাকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দুই দেশের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত সম্পর্ক’ গড়ে তোলার সুদূরপ্রসারী নকশা হিসেবে বর্ণনা করেছে।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সফরের সময় শি জিনপিং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক, আইনশৃঙ্খলা এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশ একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও সই করেছে, যার আওতায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে হাজারো উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হয়েছে।

তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার এখনো চীন। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই চীনের সঙ্গে সম্পন্ন হয়েছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম পুরোপুরি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্বল্প সময়ের কারণে ২০২৭ সালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ