spot_img

আঙুলের ব্যথা বেশ ভোগাচ্ছে, অনুশীলন করতে পারছি না: মার্টিনেজ

অবশ্যই পরুন

কঠিন শারীরিক চ্যালেঞ্জের মুখে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার দলের গোলপোস্টের অতন্দ্র প্রহরীর ডান হাতের আঙুলে চিড় ধরা পড়েছে। এরপরও আর্জেন্টাইন সমর্থকদের সুখবরই দিলেন তিনি। ইনজুরি নিয়েও চলমান বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মার্টিনেজ।

গত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে উয়েফা ইউরোপা লিগ ফাইনালের ওয়ার্মআপের সময় মার্তিনেজের ডান হাতের অনামিকায় চিড় ধরেছিল। চিকিৎসকদের পক্ষ থেকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও বিশ্বকাপ মিস করার ভয়ে তিনি সেই ঝুঁকি নেননি। বর্তমানে ফিজিওথেরাপিস্ট পাবলো কাপুচেত্তির তত্ত্বাবধানে তিনি সুস্থ হয়ে উঠছেন।

জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী মার্টিনেজ বলেন, ‘আঙুলের ব্যথা আমাকে বেশ ভোগাচ্ছে। আমি এখনও স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারছি না। তবে স্বস্তির খবর হলো, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আগামী ম্যাচে আমি স্প্লিন্ট ছাড়াই খেলার জন্য প্রস্তুত।’

জর্ডানের বিপক্ষে সহজে জয় পেলেও একটি গোল হজম করায় কিছুটা হতাশ এই গোলরক্ষক। মার্তিনেজ জানান, ওই গোলটি তাকে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে সেই দুঃস্বপ্নের হারের কথা মনে করিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘ওই গোলটি হওয়ার সময় মনে হচ্ছিল যেন সৌদি আরবের সেই ম্যাচের পুনরাবৃত্তি ঘটছে। আমার মনে হয় বলটি আমি আটকাতে পারতাম।’

আগামী শুক্রবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন আর্জেন্টাইন গোলরক্ষক। তিনি বলেন, ‘আমরা তাদের সব ম্যাচ পর্যবেক্ষণ করছি। তারা বেশ শক্তিশালী, শারীরিক সক্ষমতায় দুর্দান্ত এবং রক্ষণভাগ খুব জমাট। এবারের বিশ্বকাপে অনেক অঘটন ঘটছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

গোলকিপিং কোচ লুইস মার্তিন এবং সতীর্থ গোলরক্ষক জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর সহযোগিতা এই কঠিন সময়ে তাকে দারুণ অনুপ্রেরণা দিচ্ছে বলেও জানিয়েছেন দিবু। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে ইনজুরি জয় করে মার্তিনেজ তার সেই চিরচেনা ফর্ম ধরে রাখতে পারবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষায় আর্জেন্টাইন সমর্থকরা।

সর্বশেষ সংবাদ

দারুণ প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের আঁচে হতাশা নিয়ে প্রথমার্ধে ১-০তে পিছিয়ে পড়ে বিরতিতে গিয়েছিল ব্রাজিল! তবে ৫৬ মিনিটে ডেডলক ভেঙে ব্রাজিলকে কাঙ্ক্ষিত গোল...

এই বিভাগের অন্যান্য সংবাদ