রকম জনপ্রিয় বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘কিং অব রোমান্স’খ্যাত এই অভিনেতাকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সম্প্রতি এক অনুষ্ঠানে নারী ভক্তের ভালোবাসার প্রকাশ আর তার জবাবে শাহরুখের রসিকতা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায়।
সম্প্রতি ভারতের মেঙ্গালুরুতে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নাচে অংশ নিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রশ্নোত্তর পর্বে এক নারী ভক্ত হঠাৎ করেই শাহরুখকে উদ্দেশ করে বলেন, ‘আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।’
এমন কথা শুনে প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন শাহরুখ। পরে নিজের স্বভাবসুলভ রসবোধে পরিস্থিতি সামাল দেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘এসব কথা তো আড়ালে বা একান্তে বলা উচিত ছিল!’
এরপর আরও যোগ করেন, ‘আমি জানি, এটা কথার কথা। আমি আপনার অনুভূতিও বুঝতে পারছি। তবে আমি নিশ্চিত, আপনার স্বামীও আপনার অনুভূতি বোঝেন। আমি আসলে আপনাদের সবাইকে ভালোবাসি। আপনার স্বামীকে ভালোবাসি, আপনার পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।’
শাহরুখের এই জবাব মুহূর্তেই নেটদুনিয়ায় প্রশংসা কুড়ায়। অনেকেই বলছেন, ভক্তের আবেগকে সম্মান জানিয়ে আবার তার দাম্পত্য সম্পর্কের প্রতিও সম্মান দেখিয়েছেন বলিউডের এই তারকা। এ কারণেই তার উত্তরকে বুদ্ধিদীপ্ত ও মার্জিত বলে মন্তব্য করছেন নেটিজেনরা।
দীর্ঘ ক্যারিয়ারে শুধু অভিনয় নয়, রসবোধ, ব্যক্তিত্ব ও ভক্তদের প্রতি আন্তরিক আচরণের জন্যও আলাদা পরিচিতি গড়ে তুলেছেন শাহরুখ খান। এবারও তার ব্যতিক্রম হলো না। একজন ভক্তের আবেগঘন মন্তব্যকে হাস্যরসের মাধ্যমে সামলে নেওয়ার সেই মুহূর্তই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

