spot_img

ইসলাম কী বলে: ঋণ শোধের জন্য আত্মহত্যা বা অনাচারে জড়ানো

অবশ্যই পরুন

যদি কোনো নারী পুরুষ অভিভাবকহীন অবস্থায় এমন ঋণ ও সংকটে পড়ে যান যে তার সামনে আত্মহত্যা বা পতিতাবৃত্তি—এই দুইটি পথই খোলা মনে হয়, তাহলে ইসলামের দৃষ্টিতে এ দুটোর কোনোটিই বৈধ নয়। ইসলাম মানুষের কষ্ট, দারিদ্র্য ও অসহায়ত্বকে বিবেচনা করে; কিন্তু হারামকে হালাল করে দেয় না। বরং এমন অবস্থায় ধৈর্য, তাওবা, দোয়া, হালাল উপার্জনের চেষ্টা এবং মানুষের সাহায্য গ্রহণের নির্দেশ দেয়।

আত্মহত্যা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু।’ (সুরা নিসা, আয়াত : ২৯)

আর ব্যভিচার ও পতিতাবৃত্তি সম্পর্কে আল্লাহ বলেন, ‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীলতা ও অত্যন্ত নিকৃষ্ট পথ।’ (সুরা ইসরা/বনি ইসরাইল, আয়াত : ৩২)

এছাড়া কোরআনে বিশেষভাবে নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তোমাদের নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করো না।’ (সুরা নূর, আয়াত : ৩৩)

অতএব, কোনো মা যদি ঋণ শোধের জন্য নিজের মেয়েকেও এ কাজে বাধ্য করতে চান, তাহলে তা হারাম, জুলুম এবং মারাত্মক গুনাহ। মেয়ের জন্য এ আদেশ মানা বৈধ নয়। কারণ ইসলামে আল্লাহর অবাধ্যতার কাজে কারো আনুগত্য করা যায় না। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘অসত্ কাজে আনুগত্য নয়; আনুগত্য কেবলমাত্র সত্কাজের ক্ষেত্রেই হতে হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৭১৪৫)

তাই কন্যা সন্তানের করণীয় হলো—
এ কাজ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা, নিরাপদ কোনো আত্মীয়, আলেম, বিশ্বস্ত ব্যক্তি বা সহায়তাকারী প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া, নিজেকে নিরাপদ পরিবেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করা, হালাল উপায়ে জীবিকা অর্জনের পথ খোঁজা। আর যদি কোনো মেয়ে ইতিমধ্যে এ কাজে জড়িয়ে পড়ে থাকে, তাহলে তার জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ নয়। সে অবিলম্বে এ কাজ ছেড়ে দেবে, আন্তরিকভাবে তাওবা করবে, হারাম সম্পর্ক ছিন্ন করবে এবং হালাল জীবিকার দিকে ফিরে আসবে। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।’ (সুরা জুমার, আয়াত : ৫৩)

ইসলাম মানুষকে হতাশ হতে শেখায় না। যত কঠিন পরিস্থিতিই হোক, হারাম পথের পরিবর্তে হালাল পথ খোঁজার চেষ্টা করতে হবে এবং আল্লাহর রহমতের ওপর ভরসা রাখতে হবে।

সর্বশেষ সংবাদ

সান মারিনোর বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ টমাস ডুলি

ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে গিয়েই জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ জুন) রাতে সেরাফাল্লে স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ